মিগুয়েলের মৃত্যু
১২ ম্যাচ নিষিদ্ধ গোলরক্ষক ওয়োনো

মাঠে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ফলে প্রতিপক্ষ ফরোয়ার্ডের মৃত্যুর ঘটনায় এফসি অ্যান্ডোরার গোলরক্ষক জেসুস ওয়োনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) শৃঙ্খলা কমিটি। গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় স্তরের লিগে তেনেরিফের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী ওয়োনোর সঙ্গে সেই সংঘর্ষে গুরুতর আহত হন তেনেরিফের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে ঘটনাটি ঘটার পরপরই রেফারি ওয়োনোকে লাল কার্ড দেখান এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান দে মিগুয়েল।
শৃঙ্খলা কমিটি জানিয়েছে,
রেফারির প্রতিবেদনে উল্লেখিত তথ্যের ওপর ভিত্তি করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে
লেখা ছিল, ‘বল খেলায় থাকা অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে
প্রতিপক্ষের বুকে পা দিয়ে সজোরে আঘাত করায় তাকে লাল কার্ড দেখানো হয়েছে।’কমিটি তাদের রায়ে বলেছে,
‘হেসুস দে মিগুয়েল আলামেদার মৃত্যুর এই মর্মান্তিক
পরিণতির কথা সবারই জানা। ঘটনার ধরন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সর্বোচ্চ শাস্তি
অর্থাৎ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়াই যুক্তিসঙ্গত।’
এদিকে পরিত্যক্ত হওয়া ম্যাচটি আর পুনরায় আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। দুর্ঘটনার মুহূর্তে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল এবং সেই স্কোরলাইনই চূড়ান্ত হিসেবে বহাল রাখা হয়েছে। ফেডারেশনের মুখপাত্র বলেছেন, ‘ঠিক যে মুহূর্তে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, সেখান থেকে খেলা শুরু করার অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে এবং এই মর্মান্তিক ঘটনার প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন গিনির এই আন্তর্জাতিক গোলরক্ষক। গত ৪ নভেম্বর ওয়োনোর পক্ষ থেকে তার ক্লাব এক বিবৃতিতে জানায়, তিনি জীবনের ‘সবচেয়ে কঠিন দিনগুলো’ পার করছেন এবং দে মিগুয়েলের মৃত্যুতে ‘তীব্র যন্ত্রণা’ অনুভব করছেন। বৃহস্পতিবার এফসি অ্যান্ডোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, এই ঘটনার পর ওয়োনো আদৌ আর ফুটবলে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
মানসো বলেন, ‘সে এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। ফুটবলে ফিরবে কি না, ফিরলে কবে ফিরবে—যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা তার আছে। আমাদের কাজ হলো সব দিক থেকে তাকে সমর্থন দেওয়া এবং তার পাশে থাকা। সে যখন মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত মনে করবে, তখনই নিজের সিদ্ধান্ত নেবে।’






