রাফিনিয়া-ভিনিদের নিয়ে ক্লাবকে আশ্বস্ত করলেন আনচেলত্তি

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে খেলতে এলেই ক্লাবের কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। বিশেষ করে রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়ররা তো অনেকবার ব্রাজিলের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন। আসন্ন প্রীতি ম্যাচের আগে তাই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ক্লাবগুলোকে আশ্বাস দিয়েছেন, ফুটবলারদের স্বাস্থ্যই তাদের কাছে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ পাবে।
সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দিন শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লাবগুলোকে নিশ্চিন্ত থাকতে বলেন আনচেলত্তি, ‘খেলোয়াড়ের স্বাস্থ্যই সবসময় অগ্রাধিকার পায়। যদি কোনো খেলোয়াড় শতভাগ ফিট থাকে, তবেই সে অনুশীলন করবে এবং খেলবে। আমরা খেয়াল রাখি সে কতক্ষণ মাঠে থাকছে। জাতীয় দলের বিষয়ে ক্লাবগুলো নিশ্চিন্ত থাকতে পারে। খেলোয়াড়ের স্বাস্থ্যই সবার আগে। আমরা সবসময় চাই, খেলোয়াড়রা যেন কোনো চোট ছাড়াই পুরোপুরি খেলার মতো অবস্থায় ক্লাবে ফিরে যেতে পারে।'
সবশেষ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর, পরবর্তী বিশ্বকাপ ও কোপা আমেরিকার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন আনচেলত্তি। নতুন এক স্কোয়াড গড়ে তুলতে দিয়ে তরুণদের ওপর আস্থা রাখার কথা একাধিকবার বলেছেন তিনি।
সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে তিনটি ম্যাচের জন্য ৯ জন নতুন মুখ নিয়ে দল গড়েন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। এবার জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য পাঁচ জন নতুন খেলোয়াড়কে দলে ডেকেছেন তিনি।
আনচেলত্তি জানালেন, এবারের আন্তর্জাতিক বিরতি দিয়েই ব্রাজিল দলের এই ‘পরীক্ষামূলক পর্যায়’ শেষ হচ্ছে, ‘এই ফিফা আন্তর্জাতিক বিরতির সঙ্গে সঙ্গেই আমাদের পরীক্ষামূলক পর্যায় শেষ হবে। পরবর্তী ধাপে আমরা দল সম্পর্কে আরও ভালো ধারণা পাব। এই সময়টা আমাদের তরুণ খেলোয়াড়দের সম্পর্কে অনেক তথ্য দিয়েছে। আমাদের দলে খুব প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ তরুণ খেলোয়াড় রয়েছে, যা ভবিষ্যতের জন্য আমাদের আত্মবিশ্বাস জোগায়।
আনচেলত্তি আরও জানান, ‘আমাদের দলে দারুণ মানের খেলোয়াড় আছে। কিছু পজিশনে আমাদের হাতে পর্যাপ্ত বিকল্প থাকলেও, কিছু পজিশনে কিছুটা ঘাটতি রয়েছে, তবে আমাদের হাতে এখনও সময় আছে।‘



