সাফ চ্যাম্পিয়নশিপ
হৃদয়ভাঙা হারের পর হামজার যে ছবি ভাইরাল

পাকিস্তানের কাছে হারের পর হতাশ হামজা চৌধুরী। ছবি: মোশারফ হোসেন ভুবন।
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের ভুলে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ২০০৫ সালের পর আর কখনোই টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারার আক্ষেপটা আরও দীর্ঘায়িত হলো। গতকাল শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৮৫ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের এক ভুলে গোল খেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্বাগতিকেরা।
এমন হৃদয়বিদারক হারের পর ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ না করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরী। একইসঙ্গে মাঠে তার হতাশাপূর্ণ অভিব্যক্তির একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচে ৬০ শতাংশের বেশি বলের দখল বাংলাদেশের পায়ে ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল অনেকটাই উদ্দেশ্যহীন। শ্রীলঙ্কার বিপক্ষে হামজাকে ওপরে খেলিয়েছিলেন কোচ টমাস ডুলি। কিন্তু গতকাল তার সেই প্রচেষ্টা বুমেরাং হয়।
পাকিস্তানের মতো শরীরী ফুটবল খেলা দলের বিপক্ষে হামজাকে ওপরে রাখায় মাঝমাঠ দুর্বল হয়ে পড়ে। ফলে পাকিস্তানের প্রতিআক্রমণের জবাব দিতে পারেনি বাংলাদেশ। পরিকল্পনার অংশ হিসেবেই হামজাকে কড়া মার্কিংয়ে রেখেছিল পাকিস্তান। তারপরও কখনো আক্রমণ ও কখনো রক্ষণে অবদান রেখেছেন হামজা। নিখুঁত পাস ও দূরপাল্লার শটে খেলা তৈরির চেষ্টা করেছেন। সতীর্থদের ছন্নছাড়া ফুটবলে হতাশ হামজা একসময় মেজাজ হারিয়ে যেন বলছিলেন -আমি একা আর কত সামলাব! মাঠে রেগে গেলেও ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সতীর্থদের ঠিকই আগলে রাখেন হামজা। প্রবল হতাশায় তিনি বলেন, ‘খুবই, খুবই হৃদয়বিদারক। এটা শুধু আমাদের জন্য নয়, সমর্থক এবং পুরো জাতির জন্যই অনেক বড় এক কষ্টের বিষয়। তবে সবই আল্লাহর ইচ্ছা; এর চেয়ে আর কী বলার আছে! আমাদের কাউকে ব্যক্তিগতভাবে দোষ দেওয়া উচিত হবে না। আমরা ১১ জন মিলে ১১ জনের বিপক্ষে খেলেছি, তাই কোনো একজন ব্যক্তিকে দোষারোপ করা উচিত নয়।






