চেলসির দায়িত্ব পেলেন জাবি

সংগৃহীত ছবি
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন মাত্র ৭ মাস। এই বছরের শুরুতে জাবি আলোনসোকে বরখাস্ত করেছিল রিয়াল। ৪ মাস পর আবার কোচিংয়ে ফিরছেন এই স্প্যানিশ তারকা কোচ। চার বছরের জন্য চেলসির দায়িত্ব পেলেন আলোনসো।
বড় প্রত্যাশা নিয়ে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন ছেড়ে গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জাবি। এক মৌসুমও সেখানে টিকতে পারেননি তিনি। জানুয়ারিতেই শেষ হয় তার রিয়াল অধ্যায়। এরপর থেকেই ছিলেন নতুন ক্লাবের সন্ধানে।
এই মৌসুমে ধুঁকছে চেলসি। শিরোপা তো দূর, চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে ব্যর্থ তারা। মূল কোচের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ফারলেনের অধীনেই খেলছিল ব্লুজরা। গত রাতে মৌসুমের একমাত্র শিরোপা জেতার সুযোগও নষ্ট করেছে তারা। ম্যানচেস্টার সিটির কাছে হেরে হতাশার এক মৌসুম শেষ করার অপেক্ষায় চেলসি।
সিটির কাছে হারের পরপরই আসে নতুন কোচ নিয়োগের খবর। আগামী চার বছরের জন্য চেলসির দায়িত্ব নেবেন জাবি।
চেলসি জানিয়েছে, আগামী জুলাইয়ে দায়িত্ব বুঝে নেবেন জাবি, ‘চেলসি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, জাবি আলোনসোকে ক্লাবের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে দায়িত্ব পালন করবেন তিনি। আগামী ৪ বছরের জন্য স্ট্যামফোর্ড ব্রিজে থাকছেন জাবি।‘
জাবির অধীনে কি হারানো গৌরব ফিরে পাবে চেলসি?




