দলে নেই উমহেলা ও সৌরভী
পদকের আশা না করেই এশিয়ান গেমসে যাচ্ছে নারী ফুটবল দল

ছবি: আগামীর সময়
এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের স্বপ্ন ঘুরপাঁক খাচ্ছে শুধু ক্রিকেট ঘিরে। সাফের গত তিন আসরে দুবার চ্যাম্পিয়ন আরেকবার রানার্সআপ হলেও এশিয়ান গেমসে পদকের আশা করছেন না নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার।
জাপানে এশিয়ান গেমস শুরুর আগে চীনে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য আজ রাতে চীন যাচ্ছে নারী ফুটবল দল। এর আগে এশিয়ান গেমসে পদকের আশা নিয়ে আজ সংবাদ সম্মেলনে পিটার বাটলার স্মরণ করিয়ে দিলেন বাস্তবতাটা,‘ উত্তরটা হয়ত কিছুটা কঠিন শোনাবে, কিন্তু বাস্তববাদী হতে হবে আমাদের। এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি আমরা।’
এশিয়ান গেমসে ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়া, ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া ও ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে চীনে প্রস্তুতি ম্যাচ খেলাটাকে সুযোগ হিসেবে দেখছেন বাটলার,‘চীনে খেলার সুযোগটা দারুণ। ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন সুযোগ আরও বেশি দরকার আমাদের। গুয়াংজুর শক্তিশালী দলের বিপক্ষে খেলা হবে আলাদা শারীরিক সক্ষমতা ও কৌশলের দলের বিপক্ষে নিজেদের যাচাই করার সুযোগ।’
অস্ট্রেলিয়া সফর, অলিম্পিক বাছাই এবং সর্বশেষ সাফে ব্যর্থ ছিল বাংলাদেশ। সমালোচনা হয়েছে কোচ পিটার বাটলারের কৌশলের। এ নিয়ে বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার বললেন, ‘আমাদের আরও ভালো করা উচিত ছিল। কোচ চেষ্টা করছে।’
সংবাদ সম্মেলনে প্রশ্ন কা হয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলোচিত দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমিকে নিয়েও। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নওমির শৃঙ্খলা ইস্যুতে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন চিঠি দেয়। বাফুফে একটি তদন্ত কমিটি করার দুই মাস পেরিয়ে গেলেও এখনও সেই কমিটি কোনো রিপোর্ট দেয়নি। অথচ তিনিই দলের সঙ্গে যাচ্ছেন এশিয়ান গেমসে। এ নিয়ে কিরণ বলেন, ‘বাফুফের তদন্ত কমিটির প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।’
এশিয়ান গেমসের দলও ঘোষণা করেছে বাফুফে। সর্বশেষ সাফের দলে থাকা সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দরা নেই এশিয়ান গেমসে। দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার। সাফে দলে থাকলেও ম্যাচ না খেলা অর্পিতা বিশ্বাস পেয়েছেন আরও একটা সুযোগ।
এশিয়ান গেমসের বাংলাদেশ নারী ফুটবল দল
গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার,রুপনা চাকমা।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।
মিডফিল্ডার: মৌমিতা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, মুনকি আক্তার।
ফরোয়ার্ড: শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা ।








