২১ বছর পর ফাইনাল হবে তো

ছবি: মোশারফ হোসেন
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনাল মঞ্চ বাংলাদেশের জন্য দূর অতীত। ২০০৫ সালে করাচিতে সর্বশেষ ফাইনাল খেলেছিল লাল-সবুজের দল। এর পরের আট আসরে লেখা হয়েছে শুধু আক্ষেপের গল্প। ফাইনাল দূরে থাক, বড় একটা সময় তো সেমিফাইনালেই আসতে পারেনি বাংলাদেশ। আজ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ হামজা চৌধুরীর বাংলাদেশের সামনে। বদলে যাওয়া পাকিস্তানকে হারালেই ঢাকা হবে করাচি। দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা ঘরে তোলার পথে স্বাগতিক বাংলাদেশের সামনে পাকিস্তান হয়ে উঠতে পারে বড় বাধা। এছাড়া আজ অপর সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ভুটানের।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে শেষ চারে পা রাখা থমাস ডুলির দল ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে। তবে তাদের সতর্ক থাকতে হবে একঝাঁক বংশোদ্ভূত ফুটবলার নিয়ে গড়া পাকিস্তান দলকে নিয়ে।
সর্বশেষ দুটি দল মুখোমুখি হয়েছিল এই ঢাকা স্টেডিয়ামেই আট বছর আগে সাফের আরেক আসরে। সেবার গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ ব্যবধানে। এরপর পদ্মা ও সিন্ধু নদের অনেক জল গড়িয়েছে। দুই দেশের ফুটবল দুই পথে হেঁটেছে ঠিক, তবে দুই দেশের ফুটবল শৌর্য-বীর্যে সম্পদশালী হয়েছে একই পন্থায়। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বংশোদ্ভূতদের উড়িয়ে এনে ধার বাড়িয়েছে তারা। বাংলাদেশ যেমন হামজা চৌধুরী, শমিত সোম, হালের ফারহান আলী ওয়াহিদদের পেয়ে জেগে উঠেছে, ঠিক একইভাবে পাকিস্তানের ফুটবলকে সমীহের জায়গায় নিয়ে গেছেন ইউরোপে ছড়িয়ে থাকা একঝাঁক ফুটবলার। তাই আজকের লড়াইয়ে বড় ভূমিকা থাকবে দুই দলের বংশোদ্ভূত ফুটবলারদের।
হামজা,
শমিত, ফারহানদের ছন্দটা বাংলাদেশের জন্য স্বস্তির। তবে
বড় ভাবনা, লেফটব্যাক সাদ উদ্দিনকে হারানো।
শ্রীলঙ্কার বিপক্ষে বাজে চোটে বড়
সময়ের জন্য ছিটকে গেছেন
দারুণ ছন্দে থাকা এই ডিফেন্ডার।
তাই থমাস ডুলি তার
পজিশনে বিকল্পের সন্ধানে আছেন।
রহমত মিয়াকে একাদশে সুযোগ দিতে পারেন তিনি।
ভুটানের বিপক্ষে মেকশিফট স্ট্রাইকার হিসেবে খেলা বিশ্বনাথও হতে
পারেন বিকল্প। সাদউদ্দিনকে না পেলেও যেকোনো
সময় অভিজ্ঞ তপু বর্মণকেও ব্যবহারের
সুযোগ এ ম্যাচে পাবেন
ডুলি।
অন্যদিকে, পাকিস্তানি স্কোয়াডে গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইজাজ বাটসহ বেশ কয়েকজন মেধাবী প্রবাসী ফুটবলার রয়েছেন। হ্যারিস জেব ও মহিবউল্লাহদের নিয়ে গড়া তাদের রক্ষণভাগও বেশ শক্ত। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর আরও পাঁচ প্রবাসীকে উড়িয়ে এনেছে পাকিস্তান, যারা ফিফা উইন্ডোর আগে দলে যোগ দিতে পারেননি। আবদুল্লাহ ইকবাল, ইসা সুলেমান, আদিল নবি, আলি আকবর খান ও আবদুল সামাদ আরশাদরা স্বাভাবিকভাবেই শক্তি বাড়িয়েছে গ্রুপ পর্বে লড়াকু ফুটবলের জন্য বাহবা পাওয়া পাকিস্তান।
ডেনমার্কে জন্মা নেওয়া আবদুল্লাহ সুইডেনের শীর্ষ লিগের চ্যাম্পিয়ন দল মেইলবির হয়ে খেলেন। কদিন আগেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ রাউন্ডেও খেলেছেন। এ ম্যাচে হামজার সঙ্গে আবদুল্লাহকে খেলতে দেখাটা ফুটবল ভক্তদের বাড়তি পাওনা। এ ছাড়া ইংল্যান্ড বংশোদ্ভূত বর্তমানে আজারবাইজানের প্রিমিয়ার লিগে খেলা সেন্টারব্যাক ইসা সুলেমান, ওয়েস্ট ব্রম একাডেমি থেকে উঠে আসা অ্যাটাকিং মিডফিল্ডার আদিল নবিরাও বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
সেমিফাইনালে প্রথমবারের মতো ব্যবহার হবে ভিএআর প্রযুক্তি, যা এই লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করবে। সবমিলিয়ে, মাঠে দুই কোচের ট্যাকটিক্যাল লড়াই এবং রোমাঞ্চকর এক ফুটবল সন্ধ্যা দেখার অপেক্ষা, যে লড়াইয়ে হামজা বাহিনী চাইবে হাজার হাজার দর্শকের মুখে হাসি ফোটাতে।



