নাটকীয় জয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
নতুন মৌসুমে নতুন চুলের কাটিংয়ে মাঠে নেমেছেন আর্লিং হলান্ড। হয়তো বিশেষ কিছু করার বার্তা দিচ্ছিলেন তিনি। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন এই স্ট্রাইকার। হলান্ড হতাশ করলেও হতাশ করেনি ম্যানচেস্টার সিটি। শেষের ১০ মিনিটের জোড়া গোলে মৌসুমের প্রথম ম্যাচেই ২-১ গোলের জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি।
ম্যাচের ২৬তম মিনিটে মার্কাস ট্যাভার্নিয়ার গোলে পিছিয়ে পড়ে ম্যান সিটি। এরপর আক্রমণের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল সিটি। কিন্তু শেষের ১০ মিনিটে খেলার মোড় ঘুরে যায়। ৮৪ মিনিটে কর্নার থেকে মার্ক গুয়েহির গোলে সমতায় ফেরে সিটি। এরপর অতিরিক্ত সময়ে ইওস্কো গাভারদিওলের গোলে জয় নিশ্চিত করে তারা। জয়সূচক গোলটি প্রথমে অফসাইড দিলেও পরে ভিএআর তা গোল হিসেবে ঘোষণা করে।






