বিশ্বকাপ ফাইনালে মারামারি
শাস্তি কমল আর্জেন্টাইন ফুটবলারের

সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। ম্যাচের শেষ বাঁশি বাজার পর প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার। এতে বড় শাস্তি পেয়েছিলেন লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াদো আলমাদা। এবার শাস্তি কমলো মোলিনার।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ মোলিনার শাস্তি কমিয়েছে। তবে পারেদেসের নিষেধাজ্ঞা অপরিবর্তিত রেখেছে। এর আগে মোলিনাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা, আপিলে সেই শাস্তি কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। পাশাপাশি তার জরিমানা ৯০ হাজার থেকে কমিয়ে করা হয়েছে ৬০ হাজার ডলার। ফাইনালে জয় উদযাপন করার সময় স্পেনের মিডফিল্ডার রোদ্রিকে ঘুষি মেরেছিলেন মোলিনা।
মিডফিল্ডার পারেদেসের শাস্তি কমেনি। স্পেনের খেলোয়াড়দের উদ্যাপনের মধ্যে এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি। এ ঘটনায় তার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফা। পারেদেসের শাস্তির পাশাপাশি বৈষম্যমূলক স্লোগানের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
তবে পারেদেসের নিষেধাজ্ঞা এবং বর্ণবাদী স্লোগানের জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে এএফএ। সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানতে চাওয়ার পর আপিল করবে সংস্থাটি। তাদের দাবি, আপিলের পক্ষে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।
আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়। আগের আন্তর্জাতিক বিরতিতেই এই দুই কোচ-ফুটবলারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।



