রাফিনিয়াকে নিয়ে বড় দুশ্চিন্তায় বার্সেলোনা

সংগৃহীত ছবি
বার্সেলোনার আশঙ্কাই যেন সত্যি হলো। জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গিয়ে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে রাফিনিয়াকে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে তুলে নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বার্সেলোনার জন্য এটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ডান উরুতে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন ব্রাজিলের অধিনায়ক। তবে চোট কতটা গুরুতর তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রথমার্ধ অবশ্য দারুণভাবেই শেষ করেছিলেন রাফিনিয়া। যোগ করা সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান তিনি। বিরতির পর তার জায়গায় মাঠে নামেন এন্দ্রিক।
রাফিনিয়ার চোট বার্সেলোনার জন্য চরম উদ্বেগের। আন্তর্জাতিক বিরতি শুরুর আগেই তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক ছিল কাতালান ক্লাবটি। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে অস্ট্রেলিয়া ও ভারত সফর মিলিয়ে দীর্ঘ ভ্রমণ ও টানা ম্যাচ খেলতে হচ্ছে।
এর আগেও জাতীয় দলের হয়ে খেলে চোট পেয়েছেন রাফিনিয়া। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পেয়ে ব্রাজিলের ক্যাম্প ছাড়তে হয়েছিল তাকে। পরে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। গত বিশ্বকাপে হাইতির বিপক্ষেও ডান উরুর পেছনে চোট পেয়েছিলেন এই তারকা।
এখন পর্যন্ত রাফিনিয়ার চোটকে গুরুতর কিছু বলা হয়নি। তবে বার্সেলোনার হয়ে তার দুর্দান্ত শুরুর কারণে বিষয়টি নিয়ে উদ্বেগ বেশি। মৌসুমের প্রথম আট ম্যাচে তার গোল ১৪টি। এর মধ্যে লা লিগার প্রথম সাত ম্যাচেই করেছেন ১২ গোল।
রাফিনিয়ার মেডিকেল পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছে বার্সেলোনা। পরীক্ষার পরই জানা যাবে এটি সাময়িক অস্বস্তি নাকি আন্তর্জাতিক বিরতির পর ক্লাবের হয়ে তার মাঠে ফেরায় প্রভাব ফেলতে পারে এমন নতুন পেশির চোট।



