লিওনেল স্কালোনি
নতুন খবর নেই, সভাপতির সঙ্গে দেখা করব

সংগৃহীত ছবি
আর্জেন্টিনার সঙ্গে চুক্তির মেয়াদ কি বাড়াবেন লিওনেল স্কালোনি? নাকি নতুন কোচের জন্য ছেড়ে দেবেন নতুন করে দল গড়ার দায়িত্ব? আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য তাকে রাখতেই চায়। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে কথা বললেন স্কালোনি।
এএফএ ট্রেনিং কমপ্লেক্সে প্রথম প্রশ্নটি দলের কৌশল বা স্কোয়াডের পরিবর্তন নিয়ে ছিল না, বরং কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়েই ছিল। নিজের চিরাচরিত শান্ত মেজাজে স্কালোনি বললেন,‘এখনো নতুন কোনো খবর নেই। আগামী কয়েকদিনের মধ্যে আমি সভাপতির সঙ্গে দেখা করব।’
কথা বলার ধরণ ও বক্তব্য ইঙ্গিত দেয় যে, আগামী বছরও তিনি দায়িত্ব চালিয়ে যেতে পারেন। তবে আপাতত এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে বসে চুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়নি,‘গতকালই আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু দাতের ডাক্তারের কাছে যাওয়ার কারণে আমি যেতে পারিনি (হাসি)। আজ উনি প্যারাগুয়েতে আছেন। আমরা কথা বলব। একসঙ্গে বসে আলোচনার জন্য ইচ্ছা রয়েছে, তবে যখন আমাদের আনুষ্ঠানিকভাবে জানানোর মতো কিছু থাকবে, আমরা জানাব। আপাতত সবকিছু আগের মতোই আছে।’
বেনিনের বিপক্ষে শেষ ম্যাচের জন্য স্কোয়াড নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি স্পষ্ট জানান সামনে আরও বেশি উদীয়মান তরুণ দলে আসবে,‘যে কোনো কোচ যা করতেন, এই দল বেছে নেওয়ার কারণও সেটাই। একটি বিশ্বকাপ শেষ হয়েছে, এবং আমরা মনে করি দল সংস্কার বা তরুণদের সুযোগ দেওয়ার এটাই উপযুক্ত সময়। কারণ দলের বেশিরভাগ খেলোয়াড়ই থেকে যাবেনএবং তারা তরুণ। আমরা ২০১৮ সালেও ঠিক একই নীতি অনুসরণ করেছিলাম; এমনকি আমরা যোগ্যতা অর্জন করতে পারব কি না তা না জেনেই সেই কাজ করেছিলাম।’



