সিলেট টেস্ট
সর্বাধিক ৫ উইকেটের রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বাধিক পাঁচ উইকেট শিকারের মুকুট এখন হাসান মাহমুদের মাথায়। রাওয়ালপিন্ডি, চেন্নাই, ডারউইন ও আবুধাবির পর এবার দেশের মাটিতেও তিনি ফাইফার নিলেন। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ৯০ রানে ৬ উইকেট ঝুলিতে পুরেছেন ২৭ বছর বয়সী এই ডানহাতি পেসার।
এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন হাসান। এর আগে চারবার ৫ উইকেট নিয়েছিলেন সাবেক পেসার শাহাদাত হোসেন রাজীব। এতে তার লেগেছিল ৩৮ ম্যাচের ৬০ ইনিংস। শাহাদাতের চেয়ে অর্ধেকেরও কম ম্যাচ খেলে, অর্থাৎ মাত্র ১৯ টেস্টের ৩৩ ইনিংসেই সর্বোচ্চ ফাইফারের রেকর্ড গড়লেন হাসান।
অবশ্য দেশের সামগ্রিক বোলিং পরিসংখ্যান বিবেচনায় টেস্ট ক্রিকেটে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের সর্বকালের তালিকায় পেসাররা এখনও বেশ পিছিয়ে রয়েছেন। বাংলাদেশের হয়ে যৌথভাবে এ তালিকার সর্বাগ্রে অবস্থান করছেন দুই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। দুজনেই ১৯ বার করে পাঁচ উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, সিলেট টেস্টে উইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ৩৫৬ রানে। জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের শেষ উইকেট জুটি থেকে এসেছে ৩৩ রান। শেষ পর্যন্ত মিরাজের ঘূর্ণিতে এই জুটি ভাঙে। ঘূর্ণি বলে ২ উইকেট নিয়েছেন মিরাজ। অন্য দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান কোনো উইকেটই পাননি। তাসকিন নিয়েছেন ২ উইকেট। হাসান ৬ উইকেট নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো।




