১৪০ কিমি গতির বলে কীভাবে স্টাম্প ঘেঁষে দাঁড়ান কিপাররা?

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রিশাভ পান্তকে স্টাম্প ঘেঁষে কিপিং করতে দেখা গেছে।
ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার গতিতে ছুটে আসা পেস বলের সামনে স্টাম্পের খুব কাছে দাঁড়িয়ে কিপিং করার সাহস ও কৌশল এখন টেস্ট ক্রিকেটে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। অ্যাশেজে স্কট বোল্যান্ডের বিপক্ষে অ্যালেক্স ক্যারির কিপিং, ইংল্যান্ড ও গত সপ্তাহে বেসিন রিজার্ভে ম্যাট হেনরির বোলিংয়ে টম ব্লান্ডেলের সামনে দাঁড়ানো কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রিশাভ পান্তের সেই কৌশল প্রয়োগ—সব মিলিয়ে কিপাররা এখন যেন ব্যাটারের জায়গা কেড়ে নেওয়ার এক নতুন খেলায় মেতেছেন।
ভারতের সাবেক উইকেটকিপার চন্দ্রকান্ত পন্ডিতের মতে, টি-টোয়েন্টি-পরবর্তী যুগে ব্যাটারদের বদলে যাওয়া মানসিকতার জবাব দিতেই এই কৌশলের ব্যবহার বাড়ছে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মধ্যপ্রদেশের কোচিং করানোর ফাঁকে মোহালি থেকে টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে পন্ডিত বলেন, ‘আজকের ব্যাটাররা টেস্টেও পেসের বিপক্ষে ক্রিজ থেকে বেরিয়ে এসে খেলার সাহস দেখায়। সুইং বা মুভমেন্ট সামলাতে ক্রিজে ছাড়তে তাদের কোনো ভয় নেই। তাই কিপার স্টাম্প ঘেঁষে দাঁড়িয়ে সেটাই আটকাতে চায়, যাতে ব্যাটার এগিয়ে আসতে না পারে।’
এই কৌশল যে মাঠে কার্যকর ফল দিচ্ছে, তার প্রমাণও মিলছে পরিসংখ্যানে। ২০২৬ সালে ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ডের সিরিজের পরিসংখ্যান বলছে, ব্লান্ডেল স্টাম্প থেকে দূরে দাঁড়ালে পেসের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটিং গড় ছিল ২৫.৩৬। কিন্তু তিনি স্টাম্পের ঠিক পেছনে দাঁড়ালে সেই গড় নেমে আসে মাত্র ১৫.২৬-এ।
বেসিন রিজার্ভে দীর্ঘ সময় এমন কৌশল নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি। তার ভাষায়, ‘বেসিনে উইকেট নেওয়ার একমাত্র উপায় ছিল স্টাম্প ব্যবহার করে চাপ সৃষ্টি এবং দেখতে একঘেয়ে লাগলেও সেই পরিকল্পনায় অটল থাকা। অফ স্টাম্পের বাইরে বল রাখলে লাভ হচ্ছিল না, কারণ উইকেটে তেমন ক্যারি ছিল না।’
তবে এই কৌশল নিয়ে পুরোপুরি একমত নন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল। বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমি পুরোনো ঘরানার মানুষ। আমি একটু গতি ও বাউন্স পছন্দ করি, বল দ্বিতীয় ও তৃতীয় স্লিপে ক্যারি করবে এবং সেভাবেই উইকেট আসবে।’
চন্দ্রকান্ত পন্ডিত মনে করেন, কোনো ব্যাটার যদি নিজের ক্রিজের এক গজ সামনে দাঁড়িয়ে খেলেন, তাহলে বোলারের কাঙ্ক্ষিত লেংথে এলোমেলোভাব তৈরি হয়। তার কথায়, ‘বোলার যখন লেংথ বদলায়, তখন তার সুইংয়েও প্রভাব পড়ে। কিপার সামনে এলে ব্যাটার দোটানায় পড়ে যায়। সে হয়তো ফ্রন্ট ফুটে খেলতে চেয়েছিল, কিন্তু কিপার কাছে থাকায় ব্যাক ফুটে খেলতে বাধ্য হয়। এতে বোল্ড ও এলবিডব্লিউর সম্ভাবনা তৈরি হয়।’
দ্য ওভালে হেনরির ২৪ ওভারের বেশির ভাগ সময়ই প্রায় ১৩৫ কিলোমিটার গতিতে বোলিং করার সময় স্টাম্প ঘেঁষে দাঁড়িয়ে কিপিং করেছিলেন ব্লান্ডেল। প্রথম ইনিংসে হেনরির পাঁচ উইকেটের সব কটিই এসেছিল ব্লান্ডেল স্টাম্প ঘেঁষে কিপিং করার সময়। এ প্রসঙ্গে পন্ডিত বলেন, ‘এই গতিতে সামনে দাঁড়াতে কিপারের অনেক সাহস লাগে। এর মানে সে নিজের দক্ষতায় বিশ্বাসী এবং ভয়ডরহীন।’
আধুনিক সুরক্ষাসামগ্রীও কিপারদের সাহস জুগিয়েছে বলে মনে করেন পন্ডিত। তিনি জানান, তাদের সময়ে টার্নিং বা খারাপ উইকেটে হেলমেট পরেও কিপিং করা কঠিন ছিল। এখন হেলমেট ও গার্ডের মান অনেক উন্নত হয়েছে। তবে কেবল সরঞ্জাম দিয়ে সাহস আসে না, নিজের সামর্থ্যে বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরি। ঘরোয়া ক্রিকেটে রাজু কুলকার্নির বিপক্ষে সুনীল গাভাস্কার তাঁকে সামনে দাঁড়াতে বলেছিলেন—সেই স্মৃতি হাতড়ে পন্ডিত হাসতে হাসতে বলেন, ‘আমি ঘামতে শুরু করেছিলাম।’ গাভাস্কার তখন হয়তো রিভার্স সাইকোলজি প্রয়োগ করে পেসারকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি যথেষ্ট গতিতে বল করছেন না।
অবশ্য এই কৌশলে ঝুঁকিও কম নয়। অনেক সময় কিপারের হাত থেকে বল ছুটে যায় এবং বাই রান দেওয়ার শঙ্কা থাকে। তবু পন্ডিতের বিশ্বাস, ব্যাটারকে অস্বস্তিতে ফেলতে দলগুলো এই ঝুঁকি নেবেই। তার ভাষায়, ‘উদ্দেশ্য হলো ব্যাটারের ছন্দ কেড়ে নেওয়া। তাই কৌশলগতভাবে এই ঝুঁকি নিতেই হয়।’
তবে এই দক্ষতা রপ্ত করতে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই বলে মনে করেন পন্ডিত। তিনি বলেন, ‘আমি আট বা দশ গজ দূর থেকে র্যাকেটে টেনিস বল মেরে শুরু করতাম, যাতে কিপারের রিফ্লেক্স শাণিত হয়। প্রথম কাজ হলো মন থেকে ভয় দূর করা। এরপর থ্রোয়ারে হার্ড বল এবং শেষে বোলিং মেশিনে অনুশীলন। রিশাভ পান্ত স্টাম্পের কাছাকাছি দাঁড়ালে তিনিও নিশ্চয়ই সেটার অনুশীলন করেছেন।’






