ইয়াসির রাব্বি
সবসময় প্রত্যাশা ছিল জাতীয় দলে ফিরব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার হতাশা পেছনে ফেলে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর বাফেলো পার্কে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দলের মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি অনুপ্রেরণা খুঁজছেন ২০২২ সালের সেই ঐতিহাসিক দক্ষিণ আফ্রিকা সফর থেকে, যেখানে প্রোটিয়াদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দীর্ঘদিন পর জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন ইয়াসির। দেশের শীর্ষ এই লিস্ট ‘এ’ টুর্নামেন্টে সাত ম্যাচে ৬৯ গড় এবং ১৫২.৫১ স্ট্রাইক রেটে ২০৭ রান করে নির্বাচকদের নজর কাড়েন ডানহাতি এই ব্যাটার।
২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম নায়কও ছিলেন ইয়াসির। সিরিজের প্রথম ম্যাচে ৪৪ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। পাশাপাশি সাকিব আল হাসানের সঙ্গে গড়েছিলেন ১১৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। জাতীয় দলের হয়ে ইয়াসির সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে।
দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে উচ্ছ্বসিত ইয়াসির 'ক্রিকবাজ'-কে বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন পর ওয়ানডে দলে ফিরতে পেরে খুব ভালো লাগছে। আমার সবসময়ই আশা ও প্রত্যাশা ছিল যে আমি ওয়ানডে এবং জাতীয় দলে ফিরব। আমার বিশ্বাস ছিল, ইনশা আল্লাহ, আমি আবারও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এবং দেশের সেবা করার সুযোগ পাব।’
আসন্ন সিরিজে ২০২২ সালের সেই সাফল্য দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন ইয়াসির। তিনি বলেন, ‘অবশ্যই। শেষবার যখন আমরা দক্ষিণ আফ্রিকায় এসেছিলাম, তখন ওয়ানডে সিরিজ জিতেছিলাম। আমিও দলে অবদান রাখতে পেরেছিলাম। সেটি নিশ্চিতভাবেই আমাদের জন্য অনুপ্রেরণা হবে এবং আত্মবিশ্বাস দেবে। আমরা সেই সাফল্যের ওপর ভিত্তি করে সামনে এগোতে চাই এবং ইতিবাচক ধারাটা ধরে রাখতে চাই।’
ভবিষ্যতের চেয়ে আপাতত আসন্ন সিরিজটিকেই পাখির চোখ করছেন এই ব্যাটার, ‘এই মুহূর্তে আমি খুব বেশি দূরের কথা ভাবছি না। আমাদের তাৎক্ষণিক মনোযোগ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজটি ঘিরে এবং এখন সেটি নিয়েই পরিকল্পনা করছি। এরপর কী হবে, তা পরে ভাবা যাবে। তবে প্রতিপক্ষ বা সিরিজ যা-ই হোক না কেন, আমাদের লক্ষ্য সব সময় ভালো খেলা এবং জেতা।’
সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ভরাডুবির প্রভাব ওয়ানডে সিরিজে পড়বে না বলেই বিশ্বাস ইয়াসিরের। সংস্করণ বদলে যাওয়ায় নতুন করে শুরু করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘টেস্ট সিরিজে যা হয়েছে, তা এখন অতীত। এখন আমাদের পুরো মনোযোগ আসন্ন ওয়ানডে সিরিজে। এই সময়ে আমরা দল হিসেবে একতাবদ্ধ থাকার চেষ্টা করব এবং বাংলাদেশের জন্য সিরিজটি জিততে সেরাটা দেব। ওয়ানডে সংস্করণে আমরা ভালো ক্রিকেট খেলছি, যা আমাদের জন্য বড় ইতিবাচক দিক। আমাদের খুব ভালো একটি দল আছে এবং সিরিজ জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’





