ফিলিস্তিনকে সমর্থন
জর্জিয়ায় স্টেডিয়ামে দর্শকদের পেটাল পুলিশ

উয়েফা ইউরোপা লিগে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বে’র-শেভার বিপক্ষে ম্যাচে ফিলিস্তিনপন্থী ব্যানার প্রদর্শনের জেরে বেসিকতাস সমর্থকদের ওপর হামলা করেছে জর্জিয়ার পুলিশ। এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আচরণ ও বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ)। পাশাপাশি উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে তুর্কি ক্লাব বেসিকতাস।
নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি তুরস্কের ইস্তাম্বুল থেকে সরিয়ে জর্জিয়ার বাতুমিতে আয়োজন করা হয়েছিল। কিন্তু ম্যাচের ২৫ মিনিটে গ্যালারিতে বেসিকতাস সমর্থকদের সঙ্গে স্থানীয় পুলিশের সংঘর্ষ বেধে গেলে খেলা স্থগিত করতে বাধ্য হন রেফারি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ম্যাচ অফিশিয়াল ও খেলোয়াড়েরা মাঠ ছাড়েন। প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেসিকতাস।
তুরস্কের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি স্পোর্টস জানিয়েছে, বেসিকতাস সমর্থকেরা গ্যালারিতে ফিলিস্তিনপন্থী ব্যানার প্রদর্শনের পাশাপাশি ইসরায়েলবিরোধী স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে জর্জিয়ান পুলিশ গ্যালারিতে ঢুকে সমর্থকদের ওপর পেপার স্প্রে (মরিচের গুঁড়ার স্প্রে) ব্যবহার করে। শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি শান্ত করতে বেসিকতাসের খেলোয়াড় এবং কর্মকর্তারা গ্যালারির সামনে গিয়ে সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। প্রায় আধঘণ্টা পর ফের খেলা শুরু হয়।
জর্জিয়া পুলিশের এমন পদক্ষেপকে ‘অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগ’ হিসেবে আখ্যা দিয়ে উয়েফার কাছে নালিশ জানিয়েছে বেসিকতাস। এক বিবৃতিতে তুরস্কের ফুটবল ফেডারেশন বলেছে, ‘আমাদের প্রতিনিধি বেসিকতাস ও হাপোয়েল বে’র-শেভার মধ্যকার উয়েফা ইউরোপা লিগের ম্যাচের আগে ও চলাকালে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে বেসিকতাস সমর্থকদের প্রতি যে অগ্রহণযোগ্য মনোভাব, আচরণ ও পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।’
ঘটনাটি গড়িয়েছে কূটনৈতিক পর্যায়েও। ম্যাচের পর জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাকা বোচোরিশভিলির সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, তিবলিসিতে অবস্থিত তুর্কি দূতাবাস এবং বাতুমির কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছেন।




