ঘরোয়া ক্রিকেট
৬ দলের জন্য ৮ আগ্রহী প্রতিষ্ঠানের লড়াই

ঘরোয়া ক্রিকেটের কাঠামোতে আসছে নতুন টুর্নামেন্টের নাম। দল থাকবে ছয়টি, ছয় প্রতিষ্ঠানের অধীনে তিন সংস্করণে খেলবে এই ফ্র্যাঞ্চাইজিগুলো। এই ছয় দলের স্পন্সরশিপ নেওয়ার আগ্রহপত্র জমা দেওয়ার শেষদিন ছিল ২৪ সেপ্টেম্বর। সবমিলিয়ে আগ্রহপত্র জমা পড়েছে মোট আট প্রতিষ্ঠানের। ছয় দলের ফ্র্যাঞ্চাইজিস্বত্ব পেতে লড়াই হবে তাদের। এই আট প্রতিষ্ঠানের মধ্যে আবার বিসিবি পরিচালকরা সংশ্লিষ্ট আছেন চার প্রতিষ্ঠানের সঙ্গে।
নতুন এই প্রতিযোগিতায় ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহ দেখানো প্রতিষ্ঠানগুলো হলো একমি ল্যাবরেটরিজ পিএলসি, ফরচুন গ্রুপ, সিটিজেন ব্যাংক পিএলসি, ব্লুস্টার সার্ভিসেস লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেভেন রিংস সিমেন্ট, গত বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানায় থাকা নাবিল গ্রুপ এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকা চ্যাম্পিয়ন স্পোর্টস।
এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসিবি পরিচালক ফাহিম সিনহা একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক, ফরচুন গ্রুপের মালিক মিজানুর রহমান বিসিবির অপর পরিচালক এবং ব্লুস্টার সার্ভিসেস লিমিটেড বিসিবির আরেক পরিচালক শানিয়ান তানিমের পারিবারিক ব্যাবসায়িক প্রতিষ্ঠান।
এছাড়া সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ব্যাংকটির একজন উদ্যোক্তা পরিচালক হলেন বিসিবি পরিচালক মাসুদুজ্জামান।
বিসিবির আমন্ত্রণে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী আট প্রতিষ্ঠানের মধ্যে চারটিতেই বিসিবি পরিচালকরা থাকায় যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। ২৪ সেপ্টেম্বর আগ্রহপত্র জমা দেওয়ার শেষদিন ধরা হয়েছে। দলের নাম ঘোষণা করা হতে পারে ২৭ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। মাঝে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী আগামীর সময়কে বলেছেন, ‘আগ্রহপত্র জমা পড়েছে ৮টি প্রতিষ্ঠানের। দল বাছাই প্রক্রিয়া ২৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে কাজ হয়েছে। যারা দেখছে ব্যাপারটি তারা শনিবারও কাজ করবে। যেভাবে ইওআই (এক্সপ্রেশন অব ইন্সটারেস্ট)-তে আবেদন করতে বলা হয়েছে সেটা মেনেই অডিট কমিটি ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করবে। এখানে একদম সঠিক নিয়ম মেনে স্বচ্ছ প্রতিষ্ঠানগুলোকেই বাছাই করা হবে।’
বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের মালিক মেকছেদুল কামাল বাবু আশাবাদী নাবিল গ্রুপের দল পাওয়ার ব্যাপার। আগামীর সময়কে তিনি জানিয়েছেন, ‘আমরা শুধু চ্যাম্পিয়ন দল না। আমরা ক্লাব কেন্দ্রিক না গ্রপ কেন্দ্রিক প্রতিষ্ঠান। আমাদের আর্থিক কাঠামো বেশ শক্তিশালী। তাছাড়া আমাদের নামে কেউ কোনো অভিযোগ করতে পারবে না, সেই শক্তিটা আমাদের আছে। যদি সঠিক যাচাই হয় তবে নিশ্চিত ভাবে আমাদের দল থাকবে।’
তবে চিন্তাটা অন্যদিকে। বিসিবি পরিচালকদের প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ দেখানোয় কামাল বাবু বিসিবিকে আরও স্বচ্ছ হওয়ার আহ্বান জানান, ‘যাচাই বিসিবি করবে। তবে আলাদা কমিটি আছে কিনা আমার জানা নাই। যেহেতু ওখানে পরিচালকরা নিজেরাই আবেদন করেছেন, এবং নিজেরাই দল নিতে সিদ্ধান্ত নেন তাহলে কতটুকু সঠিক হবে তা বলা কঠিন। কিন্তু যাচাই কমিটি থাকলে, থাকা উচিত, তৃতীয় জায়গা থেকে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তাহলে স্বচ্ছতা থাকবে বলে মনে করি।’
দল নিতে আগ্রহ দেখিয়েছে গত বিপিএলে ক্রিকেটারদের অর্থ পরিশোধে নির্দিষ্ট সময় অতিক্রম করে ফেলা ঢাকা ক্যাপিটালসের চ্যাম্পিয়ন স্পোর্টস গ্রুপও। দল পাওয়া নিয়ে তাদের প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি ঢাকা ক্যাপিটালসের মালিক আতিক ফাহাদ ফোন রিসিভ না করায়।
তবে খুব বেশি আর দেরি নেই, ২৭ সেপ্টেম্বর ঘটা করে ৮ দলের লড়াইয়ে সেরা ৬ কারা তা ঘোষণা করবে বিসিবি। তাদের স্পন্সরশিপে তিন বছরের চুক্তিতে নতুন মডেলে হবে দেশের ঘরোয়া ক্রিকেট।



