হেইডেনের সতর্কবার্তা
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট হারিয়ে ভুগবে অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি
নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ২৪ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। তবে ডারউইন টেস্টের সেই হার এলোমেলো করে দিয়েছে সবকিছুই। শেষ পর্যন্ত ওই সিরিজ ১-১ এ ড্র হওয়ায় ১২ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছে প্যাট কামিন্সের দলকে। সাবেক অজি ব্যাটার ম্যাথু হেইডেন বলছেন, বাংলাদেশের বিপক্ষে এই পয়েন্ট হারানোয় সামনের দিনগুলোয় বড় আফসোস করবে তারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে অস্ট্রেলিয়ার সামনে অপেক্ষা করছে কঠিন সব সিরিজ। আগামী আট মাসে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে তাদের। যদি পয়েন্টের হিসাবটা শেষ দিকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন বাংলাদেশের বিপক্ষে হারানো ১২ পয়েন্টের কথাই মনে পড়তে পারে অস্ট্রেলিয়ার।
হেইডেনের তাই বলছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজ না জেতা অজিদের জন্য আফসোসের কারণ হয়ে উঠতে পারে, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে একটা ম্যাচে হেরেছে। এটা তাদের জন্য বড় একটা সুযোগ ছিল। এই ১২ পয়েন্ট আপনি ফেরত পাবেন না। আপনি যদি অস্ট্রেলিয়ার সামনের সূচিগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন আগামী ৮ মাসে তাদের সাউথ আফ্রিকা, ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে।’
এই ধাক্কার পরেও ১০ ম্যাচে ৯৬ পয়েন্ট ও ৮০ শতাংশ জয়ের হার নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে অজিরা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ফাইনাল নিশ্চিত করতে পারে কি না, তা সময়ই বলে দেবে।





