সাফে বাংলাদেশের কাছে হার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লংকান গোলকিপার

সংগৃহীত ছবি
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ড্রয়ের পর বাংলাদেশের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে সেমির স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল তাদের। সেই হারেই বড় এক সিদ্ধান্ত নিলেন দলের গোলকিপার ও অধিনায়ক সুজন পেরেরা। দেশে ফিরে ঘোষণা দিয়েছেন, জাতীয় দলের হয়ে আর দেখা যাবে না তাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশন জানিয়েছে, দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলেছেন সুজন। দেশের ফুটবলে নিবেদিতপ্রাণ এই গোলরক্ষক আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের (এফএফএসএল) সভাপতি জসওয়ার উমরকে চিঠি দিয়ে। একই সঙ্গে ক্যারিয়ারের পুরোটা সময় সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য ফেডারেশন সভাপতি এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলে যাবেন এই ৩৪ বছর বয়সী কিপার। এই মুহূর্তে বাংলাদেশের ফর্টিস এফসিতে খেলছেন তিনি।
পেরেরার অবদানের কথা স্বরণ করে ফুটবল ফেডারেশন লিখেছে, সুজনের অবদানকে সম্মান জানাতে আগামী ২০২৭ সালের মার্চে কলম্বোয় একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সময় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে দেশটির ফুটবল ফেডারেশন। জাতীয় দলের হয়ে তার দীর্ঘদিনের সেবা এবং পরবর্তী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করার স্বীকৃতি হিসেবেই এই আয়োজন করা হবে।
সভাপতির শুভকামনা ও উৎসাহের কথা জানিয়ে ফেডারেশন আরও লিখেছে , অবসরের পর সুজানকে শুভকামনা জানিয়েছেন এফএফএসএল সভাপতি জসওয়ার উমর। পাশাপাশি গোলরক্ষক কোচ হিসেবে ক্যারিয়ার গড়ার বিষয়টি বিবেচনা করতে তাকে উৎসাহিত করেছেন তিনি। তার অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শ্রীলঙ্কার নতুন প্রজন্মের গোলরক্ষকদের গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন ফেডারেশন সভাপতি।
শেষে তারা লিখেছে, জাতীয় দলের হয়ে সুজনের নিবেদিতপ্রাণ অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও দেশের ফুটবলের পরবর্তী প্রজন্মের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে ফেডারেশন।



