তামিমকে টপকে হৃদয়ের নতুন রেকর্ড

সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে আজ অবিশ্বাস্য এক ট্রিপল সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। এবার হৃদয় গড়লেন নতুন এক রেকর্ড। তামিম ইকবালকে ছাড়িয়ে তিনিই এখন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্কোরার।
যে মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন, সেই মাঠেই গড়লেন নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে আন-অফিশিয়াল টেস্টের চতুর্থ দিনে ৩০০ রান ছুঁয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। তামিম ইকবাল ও রাকিবুল হাসানের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করলেন হৃদয়।
তামিম ও রাকিবুল দুজনের ট্রিপল সেঞ্চুরি ছিল দেশের মাটিতে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দেশের বাইরে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড করলেন হৃদয়।
৩৩৪ রান করে এতদিন এই তালিকায় সবার উপরে ছিলেন তামিম। ২০১৯ সালে মিরপুরে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে এই রেকর্ড গড়া ইনিংসটি খেলেছিলেন তামিম। এর আগে ২০০৭ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে ফতুল্লায় ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রাকিবুল হাসান।
দিনের শেষ সেশনে হৃদয় ছাড়িয়ে গেছেন তামিমকে। শেষ পর্যন্ত ৩৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয়।





