বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে রশিদরা!

সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়াটা সময়ের অপেক্ষা ছিল আফগানিস্তানের। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে সেই আনুষ্ঠানিকতাও সারলেন রশিদ খান-রহমত শাহরা। বৃ্ষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৭ ওভারে আফগানদের ৮ উইকেটে ২৯৯ রানের জবাবে আইরিশরা গুটিয়ে যায় ২০৭ রানে। ৩৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার রশিদ খানের।
আফগানিস্তানের জয়ে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলাও নিশ্চিত অনেকটা। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েসহ র্যাংকিংয়ে এগিয়ে থাকা ১০টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। বাকি চার দল আসবে বাছাই পর্ব খেলে। দুই স্বাগতিকসহ বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। বাকি একটি জায়গার জন্য লড়াই বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের।
৮৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে র্যাংকিংয়ে ৯ নম্বরে আর ৭৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১০-এ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে আছে দুটি। দুটিই ভারতের বিপক্ষে। সেই দুই ম্যাচ জিতলেও বাংলাদেশকে পেছনে ফেলার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের।
নির্ধারিত সময়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আছে ভারতের। তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর আবারও শুরু হয়েছে দুই দেশের রাজনৈতিক টানাপড়েন। খোদ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানি আশা না ছাড়লেও সিরিজটির সম্ভাবনা নিয়ে জানিয়েছেন ‘ফিফটি ফিফটি’। শেষ পর্যন্ত সিরিজটি না হলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তখন সিরিজ হারলে আর তাকিয়ে থাকতে হবে না ভারত-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের ফলের দিকে। আর ভারতকে হারালে কোনো অঙ্ক ছাড়াই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ ও উইন্ডিজের বাছাইয়ে খেলা।




