৩০ বলের সেঞ্চুরিতে অভিষেকের রেকর্ড

সংগৃহীত ছবি
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে যেন ঝড় উঠেছিল তার ব্যাটে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন তিনি।
আফগানদের বিপক্ষে ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মুডে ছিলেন অভিষেক। চার-ছক্কা বন্যা বইয়ে আফগান বোলারদের তুলোধুনো করেছেন।
৯ চার ও ১১ ছক্কায় সাজানো ইনিংসে অভিষেক ফিফটি তুলে নেন ১৬ বলে। পরের ৫০ রান এসেছে মাত্র ১৪ বলে। শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি, স্ট্রাইক রেট ছিল ৩১৭.৬৫।
সব মিলিয়ে ৩০ বলে তিন অংক ছুঁয়েছেন অভিষেক। টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারদের মধ্যে এটাই দ্রুততম। অভিষেক ছাড়িয়ে গেছেন সিকান্দার রাজাকে। ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি পেয়েছিলেন রাজা। এতদিন এটাই ছিল এই ফরম্যাটে টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি।
ভারতীয়দের মধ্যে রোহিত শর্মাকে ছাড়িয়ে অভিষেক এখন দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরির মালিক।
সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন অভিষেক। ২৭ বলে সেঞ্চুরি করে এই তালিকার সবার উপরে আছে এস্তোনিয়ার সাহিল চৌহান। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে এই রেকর্ড গড়া ইনিংস খেলেছিলেন তিনি।
২০২৫ সালে তুর্কির মোহাম্মদ ফাহার ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন বুলগেরিয়ার বিপক্ষে।



