সোবহানার সেঞ্চুরিতেও সিরিজ হারল বাংলাদেশ

সংগৃহীত ছবি
সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরিও কাজে এল না বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেল অস্ট্রেলিয়া। তাতে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে তারা নিশ্চিত করেছে সিরিজও। বাংলাদেশের ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের জবাবে ১ উইকেট হারিয়ে ১৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ১৬৬ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ আজ করে ২২০ রান।
জবাবে উদ্বোধনী জুটিতেই ১৬২ রান যোগ করে অস্ট্রেলিয়া। ১২০ বলে ১৬২ রানের জুটি গড়েন দুই ওপেনার ফোব লিচফিল্ড ও জর্জিয়া ভল। ২০তম ওভারের পঞ্চম বলে লিচফিল্ডকে ফেরান স্বর্ণা আক্তার। ৫১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন লিচফিল্ড।
আরেক ওপেনার জর্জিয়া ভলের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এলিস পেরি। ৫০ বলে ৬০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন দুজন। ৮১ বলে ভল করেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। ৯৭ বলে ১৯ বাউন্ডারিতে ১৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। প্যারি অপরাজিত ছিলেন ২২ বলে ১৯ রানে।
১০৪ রানে জীবন পেয়েছিলেন ভল। রাবেয়া খানের বলে শারমিন আক্তার সুপ্তা সহজ ক্যাচ ছাড়েন তার।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ৭.২ ওভারে ৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। চতুর্থ উইকেটে নিগার সুলতানা-সোবহানা মোস্তারির ২৪৩ বলে ১৯৫ রানের জুটিতে স্কোরটা পৌঁছে ২২০ রানে। মোস্তারি করেন ১১৮ রান, যা অস্ট্রেলিয়ার মাটিতে কোন বাংলাদেশির প্রথম ওয়ানডে সেঞ্চুরি। তবে জয়ের জন্য যথেষ্ট ছিল না সেটা।



