বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি শুবমানের

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৩৫২ রানের বিশাল লিড নিয়েও জয় না পাওয়ার হতাশা ঝরে পড়ল ভারত অধিনায়ক শুবমান গিলের কণ্ঠে। সোমবার ম্যাচ ড্র হওয়ার পর মন্থর পিচ ও বলের মান নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি বলে লালা ব্যবহারের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি। করোনা মহামারর এত বছর পরও এই নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গিল বলেন, ‘আমি মনে করি বল অবশ্যই বড় ভূমিকা রাখে। নিউজিল্যান্ডে আমাদের প্রথম বলটি (কুকাবুরা) ২৫-৩০ ওভার পরই খুব নরম হয়ে গিয়েছিল। আমার মনে হয় প্রতিপক্ষ দলও এ নিয়ে অভিযোগ করেছে। গত বছর ইংল্যান্ডেও আমরা একই জিনিস দেখেছি; প্রথম তিন-চার ম্যাচে ডিউকস বল খুব দ্রুত নরম হয়ে যাচ্ছিল। বলের মান কমে গেছে কি না, আমি জানি না।’ প্রাণহীন উইকেটে নরম বল বোলারদের কাজ আরও কঠিন করে তুলছে উল্লেখ করে ভারত অধিনায়ক বলেন, ‘এমন কন্ডিশনে উইকেট থেকে কোনো সহায়তা না থাকলে এবং তার ওপর বল নরম হয়ে গেলে বোলারদের জন্য উইকেট নেওয়া ভীষণ কঠিন হয়ে পড়ে। ব্যাটের কানায় লাগা বল ফিল্ডারদের হাতে পৌঁছায় না। পিচে পর্যাপ্ত মুভমেন্ট না থাকলে এলবিডব্লিউ আর বোল্ড ছাড়া আর কোনো উপায় থাকে না।’
এরপরই বলে লালা ব্যবহারের প্রসঙ্গ টেনে গিল বলেন, ‘আমি মনে করি বলের মান আরও ভালো হওয়া উচিত। এর চেয়েও বড় কথা, আমি বুঝতে পারি না কেন আমাদের এখনো বল চকচকে করতে লালা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা কোভিডকাল অনেক আগেই পেরিয়ে এসেছি। বল চকচকে করার জন্য লালা লাগানো যাবে না—এমন নিয়ম করা হয়েছিল। সাত-আট বছর হয়ে গেল, তবু কেন এর অনুমতি দেওয়া হচ্ছে না, আমি বুঝি না। আমার মনে হয় এটিও একটি বড় কারণ।’
করোনা মহামারীর সময় স্বাস্থ্যবিধি বজায় রাখতে বলে লালা মেশানো নিষিদ্ধ করেছিল আইসিসি। গোটা বিশ্বই সেই করোনাকাল পেরিয়ে এসেছে। বলের পাশাপাশি ওয়েলিংটনের উইকেট নিয়েও ক্ষোভ জানিয়েছেন গিল, ‘আগে পাঁচ টেস্টের সিরিজে দুটি ম্যাচ ড্র হওয়া সাধারণ ব্যাপার ছিল, কিন্তু এখন তেমনটা হয় না। তাই আমরা ড্রয়ে অভ্যস্ত নই এবং স্বাভাবিকভাবেই বেশি হতাশ। পিচ থেকে বোলারদের জন্য কিছুই হচ্ছিল না; দু-একটি বল নিচু হলেও ব্যাটারদের পরাস্ত করার মতো গতি উইকেটে ছিল না।’
ম্যাচের শেষ ঘণ্টা শুরু হতেই ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের সঙ্গে হাত মিলিয়ে ড্র মেনে নেওয়ার কারণ ব্যাখ্যা করে গিল জানান, দলের সব ফাস্ট বোলার প্রায় ৫০ ওভার করে বল করে ফেলেছিলেন এবং পিচে কোনো সহায়তা না থাকায় বাড়তি ১০-১৫ ওভার খেলিয়ে কোনো লাভ হতো না বলেই তারা খেলা শেষ করার সিদ্ধান্ত নেন।





