ব্যাংককে তামিম-রাজীব পাশাপাশি
- গলবে কি বরফ?

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর বার্ষিক সাধারণ সভা শেষে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা-ছবি এসিসি
ব্যাংককে শেষ হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায়। সভায় যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। সভা শেষে হাস্যোজ্জ্বল ভঙ্গীমায় পাশাপাশি বসেই একসঙ্গে ফ্রেম বন্দী হয়েছেন বিসিবি সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তাহলে কি ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে আশঙ্কার মেঘ কাটতে চলেছে?
আসছে সেপ্টেম্বরেই ভারতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের বাংলাদেশ সফরে আসার কথা, ৩টি করে ৫০ ওভারের ও ২০ ওভারের ম্যাচ খেলার জন্য। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন এবং এখনো নিষ্পত্তি না হওয়া বেশ কিছু বিষয়ের জন্য ঝুলে আছে চূড়ান্ত সিদ্ধান্ত। বিসিবি ভারত সফরের সময়ে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ-১৭, অনূর্ধ-১৯ ও অনূর্ধ-২৩ দলকে নিয়ে গেম ডেভলাপমেন্ট কাপ আয়োজনের ঘোষণা দিয়েছেন তামিম। সেই অনুষ্ঠানেই জানিয়েছিলেন যে ভারত সফর নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিসিআই এর সবুজ সংকেত পেলে মিনিট দুই এর মধ্যেই জিডি কাপ চলে যাবে বসুন্ধরা ক্রিকেট মাঠে। তাহলে ব্যাংককে এসিসি'র বৈঠকে কি বরফ গলল দুই শীর্ষ বোর্ড কর্তার মাঝে? নাকি পাশাপাশি বসেও মহসীন নাকভি ও রাজীব শুক্লার মাঝে যে দূরত্ব,সেরকমই এক অদৃশ্য দেয়াল আলাদা করে রেখেছে তামিমকেও।
বার্ষিক সাধারণ সভায় গৃহিত বেশিরভাগ সিদ্ধান্তই প্রশাসনিক। চেয়ারের পালা বদলে এখন থেকে আগফানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিও এসিসি'র প্রধান হবার জন্য বিবেচিত হবেন, এতদিন যা আবর্তিত হত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে। সহ-সভাপতি হয়েছেন আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রতিনিধি খালিদ আল জারুনি, টেস্ট পরিবারের বাইরে পূর্ণ সদস্যপদ পেয়েছে কাতার ও সিঙ্গাপুর।






