এশিয়ান গেমসে সেরা আবাসন পাবেন ক্রিকেটাররা

সংগৃহীত ছবি
জাপানে হতে যাওয়া এবারের এশিয়ান গেমসে অ্যাথলেটদের আবাসন এবং সুযোগ-সুবিধা নিয়ে কয়েক দিন ধরেই নানা প্রশ্ন উঠছিল। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি অ্যালেক্স মিয়াজি এবার জানালেন, অন্য অ্যাথলেটদের চেয়ে বাংলাদেশসহ ক্রিকেটের অন্য দলগুলো নিজেদের পছন্দমতো হোটেলের ব্যবস্থা করতে পারবে।
শেষ মুহূর্তে অ্যাথলেট ও কর্মকর্তাদের সংখ্যা বেড়ে যাওয়ায় আবাসন সংকটের মুখে জাপান। দেশটির পক্ষ থেকে ঘোষণাই দেওয়া হয়েছিল, হিসেবের বাইরে যেসব অ্যাথলেট শেষ মুহূর্তে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন, তারা যেন নিজেদের আবাসন নিজেরাই খুঁজে নেন। এই ঘোষণার পর বেশ শঙ্কায় ছিল বাংলাদেশসহ অন্য দেশগুলো।
জাপানের নাগোয়ার পূর্ব দিকে ছোট শহর নিসশিন। সেখানেই বসবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট। ভেন্যুর নাম কোরোগি স্পোর্টস পার্ক। কয়েক মাস আগেও সেটি ছিল বেসবল মাঠ। গত মার্চে এটিকে ক্রিকেটের উপযোগী করে তোলা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে মিয়াজি আশ্বস্ত করেছেন, ক্রিকেটারদের জন্য থাকছে সর্বোচ্চ সুযোগ সুবিধা, ‘এসিসি দীর্ঘদিন ধরে আইচি-নাগোয়া এশিয়ান গেমস আয়োজক কমিটির সঙ্গে আবাসনের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে। অংশগ্রহণকারী ক্রিকেট দলগুলোকে হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। তবে অন্য অনেক খেলার দলকে আরও সীমিত সুযোগ-সুবিধায় থাকতে হচ্ছে। তাদের কেউ ক্রুজ শিপে, কেউ কনটেইনার হোটেলে থাকবেন। এরপরও কোনো দল চাইলে নিজেদের আবাসনের ব্যবস্থা নিজেরাই করতে পারবে।’
ক্রিকেটারদের জন্য স্টেডিয়ামে কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে, সেটিও জানিয়েছেন মিয়াজি, ‘খেলোয়াড়দের ড্রেসিংরুমে টয়লেট থাকবে। ভেন্যুতে অস্থায়ী ও স্থায়ী—দুই ধরনের সুবিধা থাকবে। মাঠের ভেতরে সুবিধাগুলো অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। সীমিত সময় ও ভেন্যুর নানা সীমাবদ্ধতার মধ্যেও ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আয়োজক কমিটি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল একসঙ্গে কাজ করেছে।’
মিয়াজি যোগ করেন, ‘অস্থায়ী হওয়া সত্ত্বেও এসব খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য যতটা সম্ভব আরামদায়ক হিসেবে এসব সুযোগ সুবিধা দেওয়া হবে। মাঠের আশপাশে কিছু স্থায়ী সুযোগ-সুবিধাও রয়েছে, যেগুলো খেলোয়াড়দের জন্য ব্যবহার করা যাবে।’
এশিয়ান গেমসে ২৪ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্ট। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে যাত্রা শুরু করবে।
ছেলেদের মতো মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলাও হবে কোরোগি স্পোর্টস পার্কে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।







