এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

সংগৃহীত ছবি
বাংলাদেশ এইচপির রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল প্রথমবারের মতো সুযোগ পেলেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে সাকিব আল হাসানের দল পোখারা এভেঞ্জার্সের হয়ে খেলবেন তিনি।
সম্প্রতি শেষ হওয়া টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে নজর কেড়েছিলেন রুবেল। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন এই স্পিনার।
সবকিছু ঠিকঠাক থাকলে এনপিএলের আসন্ন আসরে পোখারার জার্সিতে দেখা যাবে রুবেলকে। এর মধ্য দিয়ে বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে জায়গা করে নিলেন তিনি।
এর আগে এনপিএলের তৃতীয় আসরে দল পেয়েছেন বাংলাদেশের আরিফুল ইসলাম, জিসান আলম ও আকবর আলী। তারা তিনজনই কর্ণালি ইয়াকসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন।
এ ছাড়া পোখারা এভেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব। প্রথমবারের মতো এই অলরাউন্ডারের সঙ্গে একই দলে খেলার সুযোগ পেলেন রুবেল।
টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে ৭ ম্যাচে ২৩ উইকেট নিয়ে নিজের উপস্থিতির জানান দিয়েছিলেন রুবেল। সেই ধারাবাহিকতা এনপিএলেও ধরে রাখার লক্ষ্য থাকবে এই রহস্য স্পিনারের।



