জিম্বাবুয়ে সরে যাওয়ায় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল

সংগৃহীত ছবি
জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসার কথা ছিল তিন দলের ওয়ানডে সিরিজের আসর। স্বাগতিকদের সঙ্গে সেখানে খেলার কথা ছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। তবে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত সফর থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় পরিকল্পনাটি আর বাস্তবায়ন হচ্ছে না।
ক্রিকইনফোর খবর অনুযায়ী, মূলত আর্থিক ও বাণিজ্যিক হিসাব-নিকাশে সমঝোতা না হওয়ায় পাকিস্তান সফরে যেতে চাইছে না জিম্বাবুয়ে। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা থেমে নেই। ভবিষ্যতে সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের জন্য নতুন সূচি বের করার চেষ্টা চলছে।
ত্রিদেশীয় সিরিজটি হওয়ার কথা ছিল আগামী বছরের জানুয়ারিতে। সেটি বাতিল হওয়ায় এখন পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে সীমিত ওভারের সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে সফরে আইরিশদের একটি টেস্ট খেলার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেছে।
ক্রিকইনফোকে আয়ারল্যান্ড ক্রিকেটের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট আয়ারল্যান্ড নতুন করে সফরের সূচি তৈরির কাজ করছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের ব্যস্ত সূচিতে ৫০ ওভারের ক্রিকেটই এখন বেশি গুরুত্ব পাচ্ছে। আগামী মাসে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে তারা। এরপর বাংলাদেশ সফরে পাঁচটি ওয়ানডে খেলার আলোচনা চলছে। আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের মাটিতেও পাঁচটি ওয়ানডে খেলার সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান।
অন্যদিকে আয়ারল্যান্ডের সামনে সবচেয়ে বড় লক্ষ্য বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী ফেব্রুয়ারিতে বাছাইপর্বে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে চায় তারা। সেই প্রস্তুতিতে পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য ওয়ানডে সিরিজটি আইরিশদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।



