এলপিএলের সেরা একাদশে হৃদয়, জায়গা হয়নি সাকিবের

সংগৃহীত ছবি
শেষ হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। ফাইনালে জাফনা কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে গল গ্যালান্টস। রানার্সআপ জাফনার হয়ে খেলেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। দল ট্রফি জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন হৃদয়। জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের সেরা একাদশে।
এলপিএলে হৃদয়ের ব্যাট ছিল বেশ আক্রমণাত্মক। মাত্র পাঁচ ম্যাচেই ১৫১ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড় ৭৫.৫০ আর স্ট্রাইক রেট ১৯৮.৬৮। আসরের সেরা দলে থাকা ব্যাটারদের মধ্যে স্ট্রাইক রেটের দিক থেকেও এগিয়ে বাংলাদেশের এই ব্যাটার।
জাফনা কিংসের হয়ে তার পাঁচ ইনিংস ছিল ৩৫*, ৩১*, ২১, ৫৪* ও ১০ রান। এর মধ্যে গল গ্যালান্টসের বিপক্ষে প্লে-অফে ৫৪ রানে অপরাজিত থেকে এবারের আসরে নিজের সর্বোচ্চ ইনিংস খেলেন হৃদয়। ফাইনালে অবশ্য তার ব্যাট থেকে আসে মাত্র ১০ রান।
এর আগে লিগ পর্বে কলম্বো ক্যাপসের বিপক্ষে মাত্র ৮ বলেই ৩১ রান করে তাক লাগিয়ে দেন হৃদয়। সেই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩৮৭.৫০। দ্রুত রান তোলার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর ক্যামিও খেলে জাফনার মিডল অর্ডারকে শক্তি দিয়েছেন তিনি।
টুর্নামেন্টের সেরা একাদশে হৃদয়কে অন্তর্ভুক্ত করার বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, শেষ মুহূর্তে তাসকিন আহমেদের পরিবর্তে জাফনা কিংসে যোগ দিয়েই দারুণ প্রভাব ফেলেছেন বাংলাদেশের এই ব্যাটার।
অন্যদিকে বল হাতে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন সাকিব। তার সেরা বোলিং ফিগার ৪৩/৩। ফাইনালে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। তবে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি এই অলরাউন্ডার। ৪ ইনিংস ব্যাট করে তার সংগ্রহ ৪১ রান।
চ্যাম্পিয়ন গল গ্যালান্টস থেকে সেরা দলে জায়গা পেয়েছেন স্যাম হার্পার, চারিথ আসালাঙ্কা ও ইশান মালিঙ্গা। রানার্সআপ জাফনা কিংসের হৃদয়ের সঙ্গে একাদশে আছেন লিজাড উইলিয়ামস, কামিল মিশারা ও দুনিথ ভেল্লালাগে।
এ ছাড়া ক্যান্ডি রয়্যালসের লাহিরু উদারা ও নুয়ান থুশারা এবং কলম্বো ক্যাপসের কামিন্দু মেন্ডিস ও ওয়ানুজা সহনও জায়গা পেয়েছেন এলপিএলের এবারের আসরের সেরা দলে।
শিরোপা না পেলেও ব্যাট হাতে আগ্রাসী পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা একাদশে জায়গা করে নিয়ে এলপিএলটা স্মরণীয় করে রাখলেন তাওহীদ হৃদয়।



