অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

সংগৃহীত ছবি
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ, হাতে ছিল ৮ উইকেট। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ দিনে অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয় দেখল বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। মাত্র ২৬ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে ৫৪ রানে গুটিয়ে গেল তারা। এতে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানের হার দিয়েই সিরিজ শুরু করল টাইগাররা।
আগের দিন অপরাজিত থাকা তানজিদ তামিম ও সৌম্য সরকার দিনের শুরুটা দেখেশুনেই করেছিলেন। ২৮ রানের সময় সৌম্যকে ফেরান থম্পসন। ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য।
এই শুরু। এরপর শুধু বাংলাদেশি ব্যাটারদের যাওয়া আসা দেখেছে ডারউইন। থম্পসন ৮ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
এক প্রান্তে লড়াইটা চালিয়ে গিয়েছেন তামিম, ইনিংসের সর্বোচ্চ ২২ রান এসেছে তার ব্যাট থেকেই। বাকি ১০ জনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি!
বাংলাদেশ শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ২৬ রানের ব্যবধানে। শেষ পর্যন্ত ২২ ওভারে ৫৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। এতে আর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামতে হয়নি অস্ট্রেলিয়া দলকে।




