ডেভিড ওয়ার্নার
বল বিকৃতির আসল ঘটনা ধামাচাপা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া!

২০১৮ সালের বহুল আলোচিত বল-টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে আবারও শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাবেক ওপেনার উসমান খাজার আত্মজীবনীতে পুরো দলের জড়িত থাকার বিস্ফোরক দাবির পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিরুদ্ধে সরাসরি ঘটনা ‘ধামাচাপা’ দেওয়ার অভিযোগ তুলেছেন সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল বিকৃতির সেই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছিল সিএ। গত সপ্তাহে প্রকাশিত নিজের আত্মজীবনীতে খাজা দাবি করেন, শিরিষ কাগজ ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। এরপর থেকেই উত্তপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন।
এবার তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ওয়ার্নার দাবি করেছেন, কেপটাউন টেস্টে খেলা অস্ট্রেলিয়ার মূল বোলারদের নাকি সে সময় জিজ্ঞাসাবাদই করা হয়নি। ওয়ার্নার বলেন, ‘আমার জানামতে, ২০১৮ সালের তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক কিংবা নাথান লায়নের কোনো সাক্ষাৎকার নেয়নি। যদি তা-ই সত্যি হয়, তবে সিএ কীভাবে এই ধারণা প্রতিষ্ঠা করতে চায় যে বোলাররা কিছুই জানতেন না?’
তদন্তকে ‘লোক দেখানো’ আখ্যা দিয়ে সাবেক এই অস্ট্রেলীয় ওপেনার আরও বলেন, ‘দেখে মনে হচ্ছে, শুরু থেকেই তারা ঠিক করে রেখেছিল কাদের ওপর দোষ চাপানো হবে। সেই উদ্দেশ্য হাসিল করতেই একটি দায়সারা তদন্ত চালানো হয়েছিল এবং এখন তারা এই মিথ্যা বয়ানটিই টিকিয়ে রাখতে চাইছে যে, বোলারদের কোনো ধারণাই ছিল না। এর মধ্যে স্পষ্টভাবেই ঘটনা ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে।’
কেপটাউন টেস্টে খেলা অস্ট্রেলিয়ার চার মূল বোলার—হ্যাজলউড, স্টার্ক, লায়ন এবং প্যাট কামিন্স বরাবরই বলে আসছেন, বল বিকৃতির পরিকল্পনার বিষয়ে তারা কিছুই জানতেন না। শুক্রবার এক নজিরবিহীন সংবাদ সম্মেলনে বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্স জানান, তদন্তের অংশ হিসেবে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। পুরো দল এই প্রতারণার কথা জানত—এমন দাবিকে ‘শতভাগ ভুল’ ও ‘পুরোপুরি অর্থহীন’ বলেও উড়িয়ে দেন কামিন্স।
উল্লেখ্য, খাজাও তার বইয়ে জানিয়েছেন, ড্রেসিংরুমে ব্যানক্রফটের (যাকে মাঠে শিরিষ কাগজসহ দেখা গিয়েছিল) ঠিক পাশে বসা সত্ত্বেও তদন্তের সময় তার কোনো বক্তব্য নেওয়া হয়নি। এই ইস্যুতে শৈশবের বন্ধু ও সাবেক ব্যাটিং সঙ্গী খাজার পাশেই দাঁড়িয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘আমি উজির (উসমান খাজা) পাশেই আছি। এটাই সত্যি। অধিনায়ক (কামিন্স) উজিকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। আমার মনে হয়, সেটি ছিল একটি ত্রুটিপূর্ণ তদন্ত।’
এদিকে ওয়ার্নারের এমন গুরুতর অভিযোগের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আগেও যেমনটা বলেছি, প্রাথমিক তদন্তের সময় সব খেলোয়াড়কেই কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল এবং গত আট বছরে নতুন কোনো প্রমাণ নিয়ে সামনে আসার সুযোগও সবার ছিল। সিএ সব সময়ই বর্তমান ও সাবেক প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব বক্তব্য তুলে ধরার অধিকারকে সম্মান জানিয়ে এসেছে।’





