গেম ডেভেলপমেন্ট কাপ শুরু

গ্রাফিকস: আগামীর সময়
তরুণ ক্রিকেটারদের সামর্থ্য যাচাই করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগ আয়োজন করছে ‘গেম ডেভেলপমেন্ট কাপ’, যে টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিসিবির বর্ষপঞ্জির নবতম সংযোজন।
ভারতে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে চ্যালেঞ্জার ট্রফি নামে একটি প্রতিযোগিতা হয়, যেখানে বিভিন্ন রাজ্য দলের বাছাই করা ক্রিকেটারদের তিন দলে বিভক্ত করে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়াতে আছে জাতীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ, ইংল্যান্ডে আছে ইসিবি সুপার ফোর, যেখানে ১৮টি কাউন্টিকে ৪টি জোনে ভাগ করে একাডেমি ও কাউন্টির তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গঠন করা হয়। বাংলাদেশেও ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) নামে তরুণ ক্রিকেটারদের টুর্নামেন্ট আছে। তারপরও তিনটি বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের নিয়ে এ আয়োজনের মূল উদ্দেশ্য বয়সভিত্তিক ক্রিকেটারদের সামর্থ্য যাচাই, ‘এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলো, খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে ফেলা। অনূর্ধ্ব-১৭ যখন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে, সেটি তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে।’— জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।







