সোহানের দলের কাছে হারল লিটনের দল

ছবি: আগামীর সময়
৫ ম্যাচে নেতৃত্ব দিলেও এখন আর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নন নুরুল হাসান সোহান, একাদশেও অনিয়মিত। অন্যদিকে লিটন দাস টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক, তার নেতৃত্বেই এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। অথচ জাপান যাত্রার আগে, প্রস্তুতি ম্যাচে লিটনের দল হেরেই গেছে সোহানের দলের কাছে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, জাতীয় দলের ক্রিকেটাররা ‘এ’ এবং ‘বি’ দলে ভাগ হয়ে খেলেছেন প্রস্তুতি ম্যাচ। তাতে সোহানের ‘বি’ দল ৬ উইকেটে হারিয়েছে লিটনের ‘এ’ দলকে।
টস জিতে আগে ব্যাট করে ‘এ’ দল ২০ ওভারে করে ৬ উইকেটে ১৪০ রান। সর্বোচ্চ ৫৫ রান করেন তানজিদ হাসান তামিম, সেটাও ৪৬ বলে যা টি-টোয়েন্টিতে একদমই অকার্যকর। জোড়া শিকার শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের। লিটন করেছেন ২৩ বলে ২৩ রান।
রানতাড়ায় নাঈম শেখ এর ২৯, সৌম্য সরকারের ৪৪ বলে ৬১ ও সাব্বির রহমানের ২৬ বলে ২৬ রানে ভর করে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সোহানের বি দল। ১৩ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন সোহান। কাউন্টি ক্রিকেট মাতিয়ে এসে টি-টোয়েন্টির প্রস্তুতি হাসান মাহমুদ ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।



