নিউজিল্যান্ডের বিপক্ষে আরেক কীর্তি কোহলির

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান এখন কোহলির। ছবি: সংগৃহীত
প্রথম ওয়ানডেতে করেছিলেন তিন নম্বরে নেমে সবচেয়ে বেশি রানের রেকর্ড। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আরও একটা কীর্তি গড়লেন বিরাট কোহলি। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তার। এজন্য দরকার ছিল ১ রান। ইনিংসে নিজের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি।
বিরাট কোহলি অবশ্য আউট হন ৭ রান করেই। কিউইদের বিপক্ষে ৩৮ ম্যাচে তার রান ১৯৭৭। এতদিন রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের। ৫১ ম্যাচে তার রান ১৯৭১। তিন নম্বরে রয়েছেন শচীন টেন্ডুলকার। ৪২ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তার রান ১৭৫০।
ওয়েলিংটনে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪১ ওভারে মাত্র ১৩৪ রানের গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ৪ উইকেট নিয়েছেন গুরনুর ব্রার। জবাবে ২৬ ওভারে ৭ উইকেটে ১১৩ করেছিল ভারত। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ রানের জয় পায় শুভমান গিলের দল।
কোহলি ৭ ও রোহিত শর্মা করেন ২৩ রান। রোহিত ২ ছক্কা মেরে কিউইদের বিপক্ষে রেকর্ড গড়েছেন সর্বোচ্চ ছক্কার। ৩৬ ম্যাচে তার ছক্কা ৫১টি। শহিদ আফ্রিদি ৩৮ ম্যাচে ৫০ ছক্কা মেরে শীর্ষে ছিলেন এতদিন।



