জাতীয় ক্রিকেট লিগ
জিতল সিলেট ও ময়মনসিংহ

ছবি: বিসিবি
জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে নিজ নিজ খেলায় জিতেছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বরিশাল বিভাগকে ১০ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে ২৩৪ রানের বড় ব্যবধানে জিতেছে সিলেট। ড্র হয়েছে ঢাকা-খুলনা ও রংপুর-চট্টগ্রাম ম্যাচ।
ফলোঅনে পড়া বরিশাল চতুর্থ দিনের খেলা শুরু করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪৪ রান নিয়ে। আগের দিনে ৮৩ রানে অপরাজিত থাকা জাওয়াদ আবরার ১০৮ রান করেন, আব্দুল্লাহ করেন ৫২ রান। দ্বিতীয় ইনিংসে বরিশাল অলআউট হয় ২৫৬ রানে। এতে করে ময়মনসিংহের সামনে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৭ রান, যে রানটা কোনো উইকেট না হারিয়েই তুলেছেন আব্দুল মজিদ ও খালিদ হাসান মিলে। ১০ উইকেটের জয়ে ১ পয়েন্ট বোনাস পেয়েছে ময়মনসিংহ, শেষ রাউন্ডের আগে এই পয়েন্টটাই তাদের জন্য হতে পারে মহামূল্যবান।
বড় জয় পেলেও সিলেট পায়নি বোনাস পয়েন্ট, যেটা যোগ হতো ইনিংস ব্যবধানে জিতলে। সিলেটের প্রথম ইনিংসে ৩৩৬ রানের জবাবে রাজশাহী প্রথম ইনিংসে অলআউট হয় ১৯২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সৈকত আলি ও জাকির হাসানের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩১৮ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। রাজশাহীর সামনে লক্ষ্য ৪৬৩ রানের, যে রানটা তাড়া করে ২২৮ রানে অলআউট হয়েছে পদ্মা পাড়ের ক্রিকেটাররা। নাসুম আহমেদ নিয়েছেন ৫ উইকেট, জোড়া শিকার আবু জায়েদ রাহি ও নাইম আহমেদের। সিলেটের ২৩৪ রানের বড় জয়ের নায়ক দুই ইনিংসেই ৫ উইকেট করে নেওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
রাজশাহীতে ড্র হয়েছে ঢাকা-খুলনা ম্যাচ। দুই দলেরই প্রথম ইনিংসের রান সমান, ৫১৩। এরপর ২ উইকেটে ১৭২ রান করতেই ৪ দিনের খেলা শেষ। ঘরোয়া ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলকের দিকে তাকিয়ে থাকা মার্শাল আইয়ুব এই ম্যাচে করলেন ৪ এবং ১, ক্যারিয়ারে মোট রান ১০৫৮২। শেষ রাউন্ডে দুই ইনিংস মিলিয়ে ৩০০-এর বেশি রান করলেই স্বপ্নটা পূরণ হতে পারে তার। মার্শালের একসময়ের সতীর্থ যারা খেলা ছেড়ে দিয়েছেন, তাদের কাছে মার্শাল বলেছিলেন এখনো খেলছেন ১১ হাজার রান করার লক্ষ্য নিয়ে, সেটা এখন অনেকটাই দুঃসাধ্য।
খুলনায় রংপুর-চট্টগ্রাম ম্যাচেও কেউ জেতেনি। তিনটা ইনিংসও শেষ হয়নি ৪ দিনে, ১৪৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা মিম মোসাদ্দেক।



