স্বপ্নের সেঞ্চুরি মা-বাবাকে উৎসর্গ করলেন তানজিদ

সংগৃহীত ছবি
ডারউইনে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি পুরোপুরি বাংলাদেশের দখলে। স্বাগতিক অস্ট্রেলিয়ার বোলারদের সামলে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়ে দিন শেষ করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সামনে এখন ম্যাচে ফিরতে বড়সড় রান তাড়ার চ্যালেঞ্জ।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। এতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানের লিড পেয়েছে সফরকারীরা। বাংলাদেশের এই দুর্দান্ত অবস্থানের মূল কারিগর ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নিজের মাত্র দ্বিতীয় টেস্টেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ২৫ বছর বয়সী তানজিদ। ১৯৭ বলের ইনিংসে ৮টি চার ও একটি ছক্কায় ১০১ রান করেন বাঁহাতি এই ওপেনার। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যানের ইতিহাস গড়েছেন তিনি।
ম্যাচ শেষে এই ইনিংস মা-বাবকে উৎসর্গ করেছেন তানজিদ, ‘এখানে খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। আমার জন্য এটি খুবই বিশেষ কারণ আমি এখানে প্রথমবার এসেছি এবং এটি আমার মাত্র দ্বিতীয় টেস্ট। এই শতকটা আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই।’
সাদা বলের ক্রিকেটে অবশ্য তানজিদের সেঞ্চুরি আগেই ছিল। চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে শতক পেয়েছিলেন তিনি।



