কোহলির সঙ্গে ভয়ে ভয়ে কথা বলতে গেলেন কোচ, তারপর...

আধুনিক ক্রিকেটে বিরাট কোহলির মতো বিশ্বমানের সিনিয়র খেলোয়াড়দের টেকনিক্যাল ত্রুটি নিয়ে কথা বলতে গিয়ে অনেক কোচই একধরনের হীনম্মন্যতা ও জড়তায় ভোগেন। দলের কোনো তারকা ক্রিকেটারকে ভুল ধরিয়ে দিতে গেলে সেটি নিয়ে তৈরি হতে পারে অপ্রীতিকর পরিস্থিতি—এমন আশঙ্কায় অধিকাংশ কোচই মুখে কুলুপ এঁটে থাকেন। এসব মন্তব্য করেছেন ভারতের সাবেক সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।
দুই বছর আগে অস্ট্রেলিয়া সফরে ভালো খেলতে পারেননি কোহলি। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে বারবার একইভাবে ক্যাচ দিয়ে আউট হচ্ছিলেন। ‘টকস্পোর্ট ক্রিকেট পডকাস্টে’ দেওয়া এক সাক্ষাৎকারে সেই সফর নিয়ে সাবেক এই ডাচ ক্রিকেটার বলেন, ‘কোচেরা মাঝেমধ্যে সিনিয়র খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানাতে পিছিয়ে যায়। কারণ তারা ভয় পান যে তাদের এই হস্তক্ষেপ অপ্রয়োজনীয় নাকগলানো বা নিজেদের পজিশন টিকিয়ে রাখার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।’ তিনি আরও জানান, আধুনিক যুগে খেলোয়াড়দের হাতে ক্ষমতা বেশি থাকে। তাই অনেক কোচই এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কথা বলতে রীতিমতো ভয় পান। রায়ান টেনের ভাষায়, ‘বর্তমান যুগে খেলোয়াড়দের দিকে ক্ষমতার ভারসাম্য যেভাবে ঝুঁকেছে, তার মানে হলো অনেক কোচই কোনো বিষয় উত্থাপন করতে বা অন্তত সে বিষয়ে আলোচনা শুরু করতে ভয় পান।’
অস্ট্রেলিয়ার মাটিতে মিচেল স্টার্কদের মতো বিশ্বমানের পেসারদের মুখোমুখি হওয়ার ঠিক আগে কোনো ব্যাটারকে টেকনিক্যাল উপদেশ দেওয়া মানে তাঁর মনোযোগ নষ্ট করে দেওয়া—এমনটা বিশ্বাস করতেন ডেসকাট। তাই কোহলির সঙ্গে কথা বলার আগে সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। দীর্ঘ চিন্তাভাবনার পর অবশেষে চতুর্থ টেস্টের একটি বৃষ্টির বিরতির সময় কোহলির কাছে যাওয়ার মোক্ষম সুযোগ পান ডেসকাট। দুই বছর আগের সেই সফরে কোহলির মতো বড় মাপের খেলোয়াড়কে কীভাবে পরামর্শ দেবেন, তা নিয়ে দোটানায় ছিলেন রায়ান টেন। তিনি বলেন, ‘আমি আসলে বিরাট এবং অস্ট্রেলিয়ায় বল ড্রাইভ করতে গিয়ে তার অফ স্টাম্পে বারবার ক্যাচ দিয়ে আউট হওয়া নিয়ে দারুণ একটা গল্প বলছিলাম। একপর্যায়ে চতুর্থ টেস্টে আমি তার কাছে গিয়ে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আর সে এ বিষয়ে দারুণ ইতিবাচক ছিল! সে নিজেই চাচ্ছিল কেউ একজন তার সঙ্গে এ নিয়ে কথা বলুক।’
ডেসকাটের মতে, বিরাট কোহলি এমন কেউ নন যাকে সবসময় টেকনিক্যাল নির্দেশনা দিয়ে বেঁধে রাখতে হবে। তবে একই ধরনের আউটের পুনরাবৃত্তি হওয়ায় তিনি কোহলির সঙ্গে কথা বলার তাগিদ অনুভব করেছিলেন। কোহলির ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে না দিয়ে বরং তার শট খেলার মানসিকতা বোঝার চেষ্টা করেছিলেন, ‘আপনাকে তো সবসময় সবকিছুর সঙ্গে একমত হতে হবে না। আপনি হয়তো বলতে পারেন, “আমি এই এই কারণে অন দ্য আপ ড্রাইভ খেলতে চাই।” আর বিরাটের সঙ্গে ঠিক এটাই ঘটেছিল। সে নিজে ব্যাখ্যা করেছিল কেন সে তার নিজস্ব কায়দায় খেলতে চায়। তারপর আপনি কিছু ছোটখাটো পরিবর্তন করতে পারেন।’
ভবিষ্যতের কোচদের জন্য নিজের এই অভিজ্ঞতা থেকে একটি বড় শিক্ষা তুলে ধরে ডেসকাট বলেন, বড় কোনো তারকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সঠিক ভাষা ও বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমটিই হলো আসল চাবিকাঠি। বর্তমানে নাইট রাইডার্স স্পোর্টসের হেড অব ক্রিকেট স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রায়ান বলেন, ‘তার (কোহলি) মতো কারো কাছে যদি আপনি নিজের বার্তা পৌঁছে দিতে পারেন, তবে আপনি যেকোনো মানুষের কাছেই তা পারবেন। শুধু নিজের বার্তাটি পৌঁছে দেওয়ার সঠিক উপায় খুঁজে বের করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’






