দ্বিপক্ষীয় সিরিজ নেই, তবু ১৪ মাসে ১৪ বার মুখোমুখি ভারত-পাকিস্তান

সংগৃহীত ছবি
দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ থাকলেও ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই থেমে নেই। বরং গত ১৪ মাসে বিভিন্ন পর্যায়ের টুর্নামেন্ট মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। সর্বশেষ রোববার দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচে ভারত 'এ' দলকে ৪৮ রানে হারিয়েছে পাকিস্তান শাহিনস। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট বন্ধ থাকলেও এত ঘন ঘন ম্যাচ আয়োজনের পেছনে বাণিজ্যিক স্বার্থ কতটা কাজ করছে, এ নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
২০২৫ সালের সেপ্টেম্বরে সিনিয়র পুরুষদের এশিয়া কাপের পর থেকে সিনিয়র, 'এ' দল ও বয়সভিত্তিক প্রতিযোগিতা মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। অথচ ২০০৭ সালে, দুই দেশের মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় টেস্ট সিরিজের বছর সব সংস্করণ মিলিয়ে মুখোমুখি হয়েছিল ১০ বার। অর্থাৎ দ্বিপক্ষীয় ক্রিকেট বন্ধ থাকার পরও এখন বেশি ম্যাচ খেলছে দুই দল।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন বহুদলীয় টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হচ্ছে। ফলে গ্রুপ পর্বেই দুই দলের লড়াই নিশ্চিত হচ্ছে। টুর্নামেন্টের ধরন অনুযায়ী নকআউট পর্বেও আবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে। এর পেছনে বড় কারণ দুই দলের ম্যাচ ঘিরে বিপুল দর্শক আগ্রহ। সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন ও দর্শক সংখ্যার দিক থেকে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজকদের জন্য বড় বাণিজ্যিক সুযোগ তৈরি করে।
ক্রিকেটের এই বাণিজ্যিক দিককে অস্বাভাবিক মনে করছে না প্রতিবেদনটি। তবে রাজনৈতিক কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রাখার অবস্থানের সঙ্গে বিভিন্ন টুর্নামেন্টে বারবার দুই দলকে মুখোমুখি করানোর বিষয়টির মধ্যে অসংগতি তুলে ধরা হয়েছে। বিশেষ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), দুই দেশের ক্রিকেট বোর্ড ও সম্প্রচারমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনিয়র পুরুষদের এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও রাইজিং স্টার্স এশিয়া কাপের মতো একাধিক প্রতিযোগিতা কাছাকাছি সময়ে আয়োজন করা হচ্ছে। এসব টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিলেও একই সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচের বাণিজ্যিক সম্ভাবনাও বাড়াচ্ছে।
এদিকে এশিয়া কাপ জিতলেও এখনো পুরুষ ও নারী—কোনো বিভাগেই ট্রফি হাতে পায়নি ভারত। এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ঘিরে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ট্রফি মুম্বাইয়ে পৌঁছানোর আশ্বাস দিলেও এখনো তা হস্তান্তর করা হয়নি।



