সেমিফাইনালের চাপ নিচ্ছে না বাংলাদেশ

গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারালেই সেমিফাইনালে এড়ানো যেত শক্তিশালী ভারতকে। তবে লঙ্কানদের কাছে রোমাঞ্চকর এক ম্যাচে হারায় সেটি হয়নি। মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে আজ দুবাইয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচকে চাপ হিসেবে না দেখে উপভোগ করতে চান বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।
গ্রুপ পর্বের তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ফেভারিট ভারত। থাইল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের স্কোর ছিল ১৫৯। পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৯৩। শেষ ম্যাচে পাকিস্তানকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দেওয়ায় সেবার আর দাপট দেখাতে পারেননি ব্যাটাররা। দারুণ ফর্ম নিয়েই তাই সেমিতে পা রাখছেন ভারতীয় ব্যাটাররা।
অন্যদিকে এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিং হতাশ করেছে প্রতি ম্যাচেই। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ করে ১২৯। শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ ও আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে আসে মাত্র ১০৩। বাংলাদেশের ব্যাটাররা কোনো ম্যাচেই গড়তে পারেননি বড় স্কোর। বোলারদের দাপটেই প্রথম ও তৃতীয় ম্যাচে জয় পেয়েছে তারা, নিশ্চিত করেছে সেমি।
মুখোমুখি ২৪ টি-টোয়েন্টিতে ২১ জয় নিয়ে ভারত যোজন যোজন এগিয়ে। তবে ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে তাই বাড়তি চাপ নিচ্ছেন না সুপ্তা, ‘কখনো কখনো আপনি চাপ ভাবলেই চাপ মনে হয়।
তবে আমাদের জন্য ভারতের মতো দলের বিপক্ষে খেলাটা উপভোগের ব্যাপার। তারা সেরা মানের দল। চ্যাম্পিয়ন হতে হলে তাদের বিপক্ষে খেলতেই হবে। তাই এটা উপভোগের, চাপের নয়।’
বোলারদের কল্যাণেই সেমিতে উঠেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচে তাদের ওপরই ভরসা রাখতে চান সুপ্তা, ‘আমরা জানি, এ ধরনের দলের বিপক্ষে কীভাবে জিততে হয়, কারণ আমাদের বোলিং বিভাগের শক্তি সম্পর্কে আমরা জানি।’





