ভারতের দশম নাকি পাকিস্তানের প্রথম

সাফ শিরোপা
সাফ শিরোপা নির্ধারণী মঞ্চে আজ মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে কাঁদিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে এসেছে বদলে যাওয়া পাকিস্তান। ফাইনাল-পূর্ব প্রেস কনফারেন্সে দুই দলের কোচ ও অধিনায়কদের আত্মবিশ্বাসী ও ঝাঁজালো বক্তব্যে একটা উপভোগ্য ফাইনালই হয়তো দেখা যাবে আজ।
গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছিল ভারত। তবে ফাইনালের আগে দুই শিবিরেই পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। ভারতের হেড কোচ নওশাদ মুসা প্রতিপক্ষকে পূর্ণ সম্মান দিলেও নিজেদের গতি ও শক্তির ওপর আস্থা রাখছেন, ‘প্রথম ম্যাচে পাকিস্তান পূর্ণ স্কোয়াড নিয়ে খেলেনি। তবে ফাইনালে তারা সম্পূর্ণ আলাদা এবং শক্তিশালী একটি দল। আমাদের রক্ষণ বা দল নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন, আমি আমার খেলোয়াড়দের শতভাগ বিশ্বাস করি।’
নিজের দলকে ভারতের দ্বিতীয় সারির দল মানতে নারাজ নওশাদ মুসা, “দেখুন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফুটবল খেলা এবং প্রতিপক্ষ কে— সেটা বিষয় নয়। আপনারা যাকে ‘বি-টিম’ বলছেন, আমি মনে করি না এটি কোনো ‘বি-টিম’। যেভাবে আমরা পারফর্ম করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালে আছি। তাহলে আমার ছেলেরা যখন প্রমাণ করে দিয়েছে যে তারা ভালো, তখন আমরা কেন এটিকে ‘বি-টিম’ বলব?”
প্রথমবার ফাইনালে ওঠা পাকিস্তান দলও কোনো ছাড় দিতে নারাজ। পাকিস্তান দলের আমূল পরিবর্তনের নেপথ্যে আছেন একজন পেরুইয়ান কোচ নলবের্তো সোলানো। পেরুর হয়ে ৯৫ ম্যাচ খেলা এ তারকার ছোঁয়ায় পাকিস্তান শক্তিশালী দলে পরিণত হয়েছে। বিশেষ করে সেমিফাইনালে কোচের কৌশলের কাছেই স্বাগতিক বাংলাদেশকে পরাস্ত হতে হয়েছে।
েসমিফাইনালের পর মাত্র দুদিন বিরতি শেষে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে হচ্ছে দুদলকে। ফাইনালে ক্লান্তির কোনো অজুহাত নেই সোলানোর কাছে। বরং গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে তার দল এখন পুরোপুরি প্রস্তুত, ‘পাকিস্তান ক্রিকেট ও হকির দেশ হলেও ফুটবলেও যে দারুণ প্রতিভা রয়েছে, তা এই ছেলেরা প্রমাণ করেছে। বাংলাদেশ ম্যাচটি আমাদের কৌশলের সুফল এনে দিয়েছে এবং ফাইনালেও আমরা ভারতের বিপক্ষে লড়াকু মানসিকতা নিয়ে নামব।’
পাকিস্তান অধিনায়ক আবদুল্লাহ ইকবাল ফাইনালে আসাকে দেশের ফুটবলের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন, ‘ফাইনালে খেলা এবং শিরোপা জেতার সুযোগ আমাদের জন্য ইতিহাস গড়ার এক সুবর্ণ সুযোগ।’



