শেখ হাসিনাকে ফেরার আহবান সোহেল তাজের

সোহেল তাজ
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। গতকাল শুক্রবার নিজের ফেসবুকে পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’
ভিডিওবার্তাটি দেওয়ার সময় সোহেল তাজ রাজধানীর প্রাক্তন গণভবন, বর্তমানে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন। জাদুঘর দেখতে আসা দর্শনার্থীর দীর্ঘ সারি ও ভিড়ের দৃশ্যও ভিডিওতে তুলে ধরেন তিনি।
সোহেল তাজের বার্তা, ‘আজকে ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। আমি প্রাক্তন গণভবন, বর্তমানে যেটি জুলাই জাদুঘর করা হয়েছে, এর সামনে দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। বাংলাদেশের দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন জাদুঘরটি দেখতে।’






