সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া পুনর্মিলনের আলোচনা অসম্ভব : মাহফুজ আলম

সংগৃহীত ছবি
সন্ত্রাস ও খুনের রাজনীতির পথ ছেড়ে ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম।
তিনি বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নয়, তার পরিণতি হওয়া উচিত প্রত্যর্পণ ও আত্মসমর্পণ।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন মাহফুজ আলম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে তিনি এ বক্তব্য দিলেন। মাহফুজ আলম জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক সদস্য।
সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি পুনর্মিলনের আলোচনা শুরুর কথা তুলেছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন মাহফুজ। তার ভাষ্য, ‘হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’
পোস্টে মাহফুজ আলম আরও লিখেছেন, সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত থাকলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস এবং জীবন ও সম্পদের ক্ষতির জন্য আওয়ামী লীগ ও তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র দায়ী থাকবে।
চলমান আন্তসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ও জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।




