পাসপোর্ট আবেদনে হাসিনার সই জাল, দাবি রাশেদের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনে তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ লিখেছেন, শেখ হাসিনার আগের পাসপোর্টের স্বাক্ষরের সঙ্গে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মিল নেই।
তার অভিযোগ, ম্যাট্রিক্স চেম্বার্স স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছে।
রাশেদ খাঁন আরও দাবি করেন, শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাও সরাসরি সাক্ষাৎ করতে পারছেন না। তার সঙ্গে সাক্ষাতের কোনো ছবিও এখন পর্যন্ত কেউ প্রকাশ করেননি।
তার ভাষ্য, ভারতে অনেকটা গৃহবন্দি অবস্থায় রয়েছেন শেখ হাসিনা।
তিনি বলেন, স্বাভাবিক অবস্থায় থাকলে শেখ হাসিনা নিজেই পাসপোর্ট ও এনআইডির আবেদন করতে পারতেন। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত তাকে সেই সুযোগ দিতে পারে না।
রাশেদ খাঁনের দাবি, ভারতে গৃহবন্দি অবস্থায় থাকা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ।
পাসপোর্ট ও এনআইডির আবেদনকে তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রচারণা হিসেবে দেখছেন। তার মতে, এভাবে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে দলটি।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দুই দফায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছে।
প্রথমবার গত ৯ নভেম্বর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়। এতে শেখ হাসিনার বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডির পরিবর্তে নতুন নথি দেওয়ার অনুরোধ জানানো হয়।
তবে ওই ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে আইনজীবীদের নিয়োগ দেওয়ার কোনো নথি ছিল না। বিষয়টি যাচাইয়ের জন্য হাইকমিশন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে।
এর ১০ দিন পর গত ১৯ নভেম্বর দ্বিতীয় দফায় চিঠি পাঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পাওলস কেসি। এবার আগের আবেদনের অগ্রগতি জানতে চাওয়ার পাশাপাশি শেখ হাসিনার স্বাক্ষরিত একটি অনুমতিপত্র সংযুক্ত করা হয়।
ওই অনুমতিপত্রের তারিখও ৯ নভেম্বর ২০২৬। এতে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির আবেদন করার জন্য আইনজীবীকে অনুমতি দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
দ্বিতীয় দফার চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্র যুক্ত হওয়ার পর সেটি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রাশেদ খাঁনের দাবি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে সরকারি বিভিন্ন নথিতে বাংলায় স্বাক্ষর করেছেন। অথচ নতুন আবেদনের সঙ্গে পাঠানো অনুমতিপত্রের স্বাক্ষরের সঙ্গে তার আগের পাসপোর্টের স্বাক্ষরের মিল নেই।





