নাহিদকে লন্ডনে নিয়ে আ. লীগের হাতে মার খাওয়ালো জামায়াত জোট : রাশেদ খাঁন

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় জামায়াত ও এনসিপির নেতাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি। আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মাইর খাওয়ালো!’
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, ‘লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শিগগিরই আন্তর্জাতিকভাবে এদের নিষিদ্ধের ব্যবস্থা করে দিবে।’
গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, ‘তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?’
এর আগে এক নেত্রীর থানায় অভিযোগ করতে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘গতকাল যেমন তাদের একজন আধা জামায়াতি-আধা এনসিপি নেত্রী থানায় অভিযোগ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক হুমকির জন্য কূটনৈতিক ব্যর্থতা আবিষ্কার করলো, আশা করি নাহিদ ইসলাম একই ভুল করবে না যে, বিএনপি সরকার লন্ডনে আমাকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে!’
পোস্টের শেষাংশে জামায়াত ও এনসিপির প্রতি ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।
তিনি লেখেন, ‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সেক্ষেত্রে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে এবং বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না।’
রাশেদ খাঁন আরও বলেন, ‘আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি। আওয়ামী লীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।’




