চার বিয়ে নিয়ে কটাক্ষ, অনুরাগীকে মজার জবাব দিলেন জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ
হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তার চারটি বিয়ে নিয়ে প্রায়ই সামাজিক মাধ্যমে আলোচনা ও কৌতুক করেন অনেকে। এবার এক অনুরাগীর এমনই এক মন্তব্যের জবাব দিয়ে আলোচনায় এসেছেন এই তারকা।
ঘটনাটি ঘটে ১৫ নভেম্বর নিউইয়র্কের ৯২এনওয়াইয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে। সেখানে জেনিফার লোপেজের সঙ্গে কথোপকথনে অংশ নেন অভিনেত্রী র্যাচেল জেগলার। অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন ও চারবার বিয়ে ভেঙে যাওয়ার প্রসঙ্গ তোলেন লোপেজ। তিনি বলেন, চারবার বিয়ে ও বিচ্ছেদ তার জীবনের গল্পেরই একটি অংশ।
এ সময় দর্শকসারি থেকে এক অনুরাগী বলে ওঠেন, ‘আপনার তো আরও ছয়টি আঙুল বাকি আছে!’ অর্থাৎ চারবার বিয়ের পর ভবিষ্যতে আরও ছয়বার বিয়ের সুযোগ রয়েছে, এমন ইঙ্গিত করেই মজা করেন ওই অনুরাগী।
মন্তব্যটি শুনে হেসে ওঠেন জেনিফার। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আছে!’ এরপর আরও বলেন, ‘ঈশ্বর! জীবনে শোনা সবচেয়ে মজার কথা এটি।’ কথাটিকে টি-শার্টে ছাপানোর মতো বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে কেউ তার বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে ‘আমার আরও ছয়টি আঙুল বাকি’ বলে জবাব দেবেন, এমন মজাও করেন এই তারকা।
তবে হাসি-ঠাট্টার মধ্যেও আবার বিয়ের বিষয়ে নিজের অনিশ্চয়তার কথা জানিয়েছেন লোপেজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মধ্যে আর বিয়ের মতো মানসিকতা আছে কি না, জানি না।’
উল্লেখ্য, জেনিফার লোপেজ জীবনে চারবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার প্রথম বিয়ে হয় ওজানি নোয়ার সঙ্গে, ১৯৯৭ সালে। পরের বছরই তাদের বিচ্ছেদ হয়। ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। এই দম্পতির যমজ সন্তান ম্যাক্স ও এমি। ২০১১ সালে তাঁদের বিচ্ছেদের ঘোষণা আসে এবং ২০১৪ সালে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।
সবশেষে অভিনেতা বেন অ্যাফ্লেককে বিয়ে করেন জেনিফার। দীর্ঘদিনের সম্পর্ক নতুন করে গড়ার পর ২০২২ সালে তারা বিয়ে করেন। তবে সেই সংসারও টেকেনি। ২০২৪ সালের আগস্টে বিচ্ছেদের আবেদন করেন লোপেজ। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।




