নামাজে অবহেলার ভয়াবহ পরিণতি

প্রতীকী ছবি
নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। একজন মুমিন বান্দার জীবনে আল্লাহর সঙ্গে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমও এই নামাজ। নামাজ শুধু নির্দিষ্ট সময়ের শারীরিক ইবাদত নয়; বরং মানুষের আত্মশুদ্ধি, আল্লাহর স্মরণ, সময়ানুবর্তিতা ও নৈতিক চরিত্র গঠনের নিয়মিত প্রশিক্ষণও। পবিত্র কোরআনে মহান আল্লাহতাআলা বলেছেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত, আয়াত : ৪৫)। যাতে বোঝা যায় যে, নামাজের প্রতি অবহেলা মানুষের আত্মিক ও নৈতিক জীবনে গভীর ক্ষতি ডেকে আনতে পারে।
নামাজের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআন একে নির্ধারিত সময়ে আদায় করার ফরজ দায়িত্ব হিসেবে ঘোষণা করেছে। বলা হয়েছে- ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা নিসা, আয়াত : ১০৩)। পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের জীবনে আল্লাহর স্মরণকে নিয়মিত করে। ফজরের নামাজ দিয়ে দিনের সূচনা, জোহর ও আসরের মাধ্যমে কর্মব্যস্ততার মাঝেও রবের স্মরণ এবং মাগরিব-এশার মাধ্যমে দিনের সমাপ্তি ঘটে। ফলে নামাজ মানুষের জীবনকে ইবাদতের ছন্দে পরিচালিত করে। তাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া বা নিয়মিতভাবে সময়ের ব্যাপারে গাফেল থাকা অত্যন্ত গুরুতর বিষয়।
কোরআনে নামাজের ব্যাপারে উদাসীনতার জন্য বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে- ‘অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।’ (সুরা মাউন, আয়াত : ৪-৫)। এখানে সরাসরি ‘নামাজ পড়ে না’ এমন ব্যক্তিদের কথা নয়’ বরং শুধু ‘নামাজ সম্পর্কে উদাসীন’ ব্যক্তিদের ব্যাপারেই কী কঠিনতর ধমক উচ্চারিত হয়েছে। অর্থাৎ নামাজ আদায় করলেও তার সময়, গুরুত্ব, একাগ্রতা ও উদ্দেশ্য সম্পর্কে গাফেল থাকা একজন মুমিনের জন্য এমন কঠিনতর ঘোষণা এসেছে। কাজেই যারা নামাজ আদায়ই করছে না তাদের ব্যাপারটি কীরূপ হতে পারে, সেটি সহজেই অনুমেয়।
নামাজের প্রতি অবহেলা মানুষের চরিত্র ও নৈতিক জীবনেও মারাত্মক প্রভাব ফেলতে পারে। কারণ নামাজের অন্যতম উদ্দেশ্য মানুষকে আল্লাহর স্মরণে রাখা এবং অন্যায় থেকে দূরে রাখা। আল্লাহ বলেন, ‘আর আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো।’ (সুরা ত্বহা, আয়াত : ১৪)। মানুষ যখন দিনে পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ায়, তখন তার মনে জবাবদিহির অনুভূতি জাগ্রত হওয়ার সুযোগ তৈরি হয়। এই স্মরণ যত দুর্বল হয়, আত্মসংযমও তত দুর্বল হয়ে পড়তে পারে। অবশ্য নামাজের প্রকৃত প্রভাব অর্জনের জন্য শুধু বাহ্যিক আদায় নয়, খুশু-খুজু ও আন্তরিকতাও প্রয়োজন।
নামাজ পরিত্যাগের পরিণতি সম্পর্কে পবিত্র কোরআনে আখিরাতের একটি ভয়াবহ দৃশ্য তুলে ধরা হয়েছে। জাহান্নামবাসীদের জিজ্ঞেস করা হবে, ‘কিসে তোমাদের সাকারে নিক্ষেপ করেছে?’ তারা বলবে, ‘আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।’ (সুরা মুদ্দাসসির, আয়াত : ৪২-৪৩) এই আয়াত নামাজকে অবহেলা করার বিষয়ে মুমিনের জন্য গভীর সতর্কবার্তা।
রাসুলুল্লাহ (সা.) নামাজের গুরুত্ব বোঝাতে বলেছেন, ‘কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ।’ (আবু দাউদ, হাদিস : ৮৬৪; তিরমিজি, হাদিস : ৪১৩) এই হাদিস থেকে বোঝা যায়, নামাজ মানুষের আমলি জীবনের কেন্দ্রীয় ইবাদতগুলোর একটি। আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বলেন, ‘সময়মতো নামাজ আদায় করা।’ (বুখারি, হাদিস : ৫২৭) অর্থাৎ শুধু নামাজ আদায় করাই নয়, যথাসময়ে আদায় করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নামাজ মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, অহংকারকে ভেঙে দেয় এবং মানুষকে তার প্রকৃত পরিচয় স্মরণ করিয়ে দেয়। সিজদায় ধনী-দরিদ্র, ক্ষমতাবান-দুর্বল সবাই একই রবের সামনে মাথা নত করে। তাই নামাজের প্রতি অবহেলা শুধু একটি ইবাদতের ঘাটতি নয়; এটি মানুষের আত্মিক শৃঙ্খলা ও আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হওয়ার কারণ হতে পারে। ব্যস্ততা, ব্যবসা, চাকরি, পড়াশোনা কিংবা পার্থিব কোনো প্রয়োজনই যেন ফরজ নামাজকে জীবনের প্রান্তে ঠেলে না দেয়।
নামাজকে বোঝা হিসেবে নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক নবায়নের সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। যে মানুষ নিয়মিত নামাজের মাধ্যমে নিজের দিনকে আল্লাহর স্মরণে সাজায়, তার জীবনে আত্মসংযম ও জবাবদিহির চেতনা বিকশিত হওয়ার সুযোগ থাকে। তাই নামাজের প্রতি যত্নশীল হওয়া মানে শুধু একটি ফরজ আদায় করা নয়; বরং নিজের আত্মা, চরিত্র ও আখিরাতের কল্যাণের জন্য একটি সচেতন পথ বেছে নেওয়া।
লেখক : আলেম ও সাংবাদিক



