কন্যারা হতে পারে জাহান্নাম থেকে মুক্তির ঢাল

প্রতীকী ছবি
সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে মা-বাবার জন্য এক বিশেষ নেয়ামত ও আমানত। ছেলে হোক কিংবা মেয়ে; প্রত্যেক সন্তানই মা-বাবার ভালোবাসা, যত্ন ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকারী। কিন্তু একসময় কন্যাসন্তানকে পরিবার ও সমাজের বোঝা মনে করা হতো। কন্যাসন্তানের জন্মকে অমঙ্গল ও লজ্জার কারণ হিসেবে বিবেচনা করা হতো। ইসলাম এসে এই অমানবিক মানসিকতার মূলে আঘাত করেছে। কন্যাসন্তানকে অবহেলার পরিবর্তে ভালোবাসা, মর্যাদা ও উত্তম প্রতিপালনের শিক্ষা দিয়েছে। এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও জীবনাচরণ মানবজাতির জন্য এক অনন্য আদর্শ।
পবিত্র কোরআনে জাহেলি যুগের মানুষের কন্যাসন্তানবিষয়ক নেতিবাচক মানসিকতার চিত্র তুলে ধরে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘তাদের কাউকে যখন কন্যাসন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সুসংবাদ দেওয়া হয়েছে, তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে, অপমান সহ্য করে তাকে রেখে দেবে, নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান! তারা যা সিদ্ধান্ত নেয়, তা কতই না নিকৃষ্ট!’ (সুরা আন-নাহল, আয়াত: ৫৮-৫৯)। এখানে কন্যাসন্তান জন্মের সংবাদে অসন্তুষ্ট হওয়া এবং তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শনের জাহেলি মানসিকতার নিন্দা করা হয়েছে।
কন্যাসন্তানের প্রতি সদাচরণের ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত হৃদয়স্পর্শী সুসংবাদ দিয়েছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
«مَنْ يَلِي مِنْ هَذِهِ الْبَنَاتِ شَيْئًا فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ»
‘যে ব্যক্তি এসব কন্যাসন্তানের দায়িত্বপ্রাপ্ত হয় এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করে, তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী পর্দা হবে।’ (বুখারি, হাদিস: ৫৯৯৫)। সুবহানাল্লাহ! কন্যাসন্তানের প্রতি ভালোবাসা, যত্ন ও দায়িত্বশীল আচরণকে রাসুলুল্লাহ (সা.) জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায় হিসেবে ঘোষণা করেছেন। এটি কন্যাসন্তান প্রতিপালনের মর্যাদা ও প্রতিদান সম্পর্কে এক অসাধারণ সুসংবাদ।
অন্য একটি হাদিসে কন্যাসন্তান লালন-পালনের আরও বড় মর্যাদা বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দুটি কন্যাসন্তানকে সাবালিকা হওয়া পর্যন্ত লালন-পালন করবে, কিয়ামতের দিন আমি ও সে এভাবে একসঙ্গে আসব।’ এ কথা বলে তিনি তাঁর দুই আঙুল একত্রিত করে দেখালেন। (মুসলিম, হাদিস: ২৬৩১)
অর্থাৎ, কন্যাদের যথাযথভাবে প্রতিপালনকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসুলুল্লাহ (সা.)-এর সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করবে। এটি একজন মুমিন অভিভাবকের জন্য কত বড় সুসংবাদ!
রাসুলুল্লাহ (সা.) কন্যাদের মর্যাদা সম্পর্কে শুধু বাণীই দেননি, নিজের জীবনেও তাদের প্রতি গভীর ভালোবাসা ও সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর প্রিয় কন্যা ফাতিমা (রা.) যখন তাঁর কাছে আসতেন, তিনি উঠে দাঁড়াতেন, তাকে চুমু দিতেন এবং নিজের বসার জায়গায় বসাতেন। আবার রাসুলুল্লাহ (সা.) তার কাছে গেলে ফাতিমা (রা.)ও উঠে দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানাতেন। (আবু দাউদ, হাদিস: ৫২১৭; তিরমিজি, হাদিস: ৩৮৭২) এই আচরণের মাধ্যমে তিনি শিখিয়েছেন, কন্যাসন্তানকে শুধু প্রতিপালন করাই নয়, তাকে যথাযথ সম্মান ও স্নেহ দেওয়াও মা-বাবার দায়িত্ব।
কন্যাসন্তানের প্রতি নবীজির ভালোবাসার আরেকটি অনন্য দৃষ্টান্ত পাওয়া যায় তাঁর নাতনি উমামা বিনতে যায়নাব (রা.)-এর সঙ্গে আচরণে। তিনি নামাজ আদায়ের সময়ও তাকে কোলে তুলে নিতেন। সিজদায় যাওয়ার সময় তাকে নামিয়ে রাখতেন এবং দাঁড়ানোর সময় আবার কোলে তুলে নিতেন। (বুখারি, হাদিস: ৫১৬; মুসলিম, হাদিস: ৫৪৩) এর মাধ্যমে শিশুদের প্রতি নবীজির স্নেহ, মমতা ও কোমল আচরণের অসাধারণ দৃষ্টান্ত ফুটে ওঠে।
এসব হাদিস ও নববি জীবনাদর্শ থেকে স্পষ্ট হয়, কন্যাসন্তান প্রতিপালন কেবল একটি পারিবারিক দায়িত্ব নয়; বরং এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই কন্যাসন্তানের জন্মে আনন্দিত হওয়া, তাকে স্নেহ-মমতায় বড় করা, সুশিক্ষা ও নৈতিক শিক্ষা দেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। ছেলের তুলনায় মেয়েকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। বরং তার আত্মমর্যাদা, যোগ্যতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে বিশেষ যত্নবান হতে হবে।
কন্যাসন্তানকে বোঝা মনে করার কোনো অবকাশ ইসলামে নেই। বরং তার যথাযথ প্রতিপালন মা-বাবার জন্য জান্নাতের পথ সুগম করতে পারে। রাসুলুল্লাহ (সা.)-এর হৃদয়স্পর্শী বাণী আমাদের সেই শিক্ষাই দেয়। তাই কন্যাসন্তানের প্রতি অবহেলা নয়, ভালোবাসা ও দায়িত্বশীলতার হাত বাড়িয়ে দেওয়া হোক প্রতিটি পরিবারের অঙ্গীকার।



