গভীর রাতে নারী শিক্ষার্থীদের লাঠিচার্জ পুলিশের, জামায়াত আমিরের উদ্বেগ

ফাইল ছবি
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই উদ্বেগ জানান তিনি। দেশে সরকার বলে কোন ব্যবস্থা আছে কি না, এমন প্রশ্নও তোলেন জামায়াত আমির।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?
তিনি লিখেছেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে— প্রশ্ন তোলেন তিনি।
শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে।’
এর আগে কলেজটিতে বিদায় অনুষ্ঠান নির্ধারিত সময়ের অনেক পরে শেষ করায় আয়োজক দুই শিক্ষার্থীর হলের সিট বাতিল করেন অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছা। এ ঘটনায় তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দীর্ঘ ১৩ ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের পদত্যাগ ও দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা।



