গণভোটের রায় মানলে সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: গোলাম পরওয়ার

গণভোটের রায় মেনে নিলে বিরোধী দল জামায়াতে ইসলামী ফ্যাসিবাদ মোকাবিলায় সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো রাজনৈতিক ঐক্য গড়ে উঠবে না। গণভোটের রায় মেনে নেওয়া হলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে।
আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে জামায়াত।
গোলাম পরওয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, গণভোটের রায় মানুন। তাহলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াব।’
সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, ‘সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন না।’
আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ের তৎপরতার প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, দলটির নেতারাও বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। এসব তৎপরতার অংশ হিসেবেই গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে।’
আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে তিনি বলেন, ‘দলটিকে এসব অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগ বিভিন্ন সময় ইসলামী দলগুলোকে জঙ্গিবাদী আখ্যা দিলেও গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংস কর্মকাণ্ডই প্রকৃত জঙ্গিবাদের উদাহরণ।’
তিনি আরও বলেন, ‘যারা মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে, তাদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’




