ঐক্যের আহ্বানের পরও ‘হুমকির ভাষা’, বিএনপির কাছে ব্যাখ্যা চায় জামায়াত

গ্রাফিকস: আগামীর সময়
জাতীয় ঐক্যের আহ্বান জানানোর পরদিনই প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, একদিকে জাতীয় ঐক্যের আহ্বান, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে ‘সময় এলে হিসাব মেলানো হবে’ বলে হুমকি দেওয়া পরস্পরবিরোধী। এ ধরনের বক্তব্য জাতীয় ঐক্যের পরিবেশ নষ্ট করার পাশাপাশি সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তৈরি করছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের ‘জামায়াত, এনসিপি এন্ড ৯ আদার্স’ শিরোনামে দেওয়া ফেসবুক পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর এক দিন পর তাঁর সহকারী প্রেস সচিবের ‘সময় এলে হিসাব মেলানো হবে’ ধরনের বক্তব্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, স্ববিরোধী ও বিভেদ সৃষ্টিকারী।
তিনি বিএনপি কিংবা প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক মুখপাত্র কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। যদি না হন, তাহলে জামায়াত ও ১১ দলীয় ঐক্য সম্পর্কে এ ধরনের বক্তব্য দেওয়ার এখতিয়ার তাঁকে কে দিয়েছে, তা দেশবাসী জানতে চায়।
বিএনপিকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, অন্যথায় জাতীয় ঐক্যের আহ্বানের আন্তরিকতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
বিবৃতিতে ড. আযাদ বলেন, জাতীয় ঐক্যের কথা বলতে হলে হুমকি, প্রতিশোধ ও আধিপত্যের ভাষা পরিহার করতে হবে। একদিকে ঐক্যের আহ্বান, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে হিসাব মেলানোর হুমকি—দুটি অবস্থান একসঙ্গে চলতে পারে না। ঐক্যের আহ্বান সত্যিই আন্তরিক, নাকি এর আড়ালে রাজনৈতিক চাপ সৃষ্টি ও বিরোধী মত দমনের চেষ্টা চলছে, সেই প্রশ্নও সামনে এসেছে।
বিবৃতিতে বিএনপিকে অতীতের রাজনৈতিক ইতিহাস স্মরণ করিয়ে দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সে সময় জামায়াতে ইসলামী বিএনপির সরকার গঠনে সমর্থন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অতীতের রাজনৈতিক সহযোগিতার কথা বলতে হলে এই ইতিহাসও স্বীকার করতে হবে।
ড. আযাদ বলেন, অতীতের দমন-পীড়ন ও প্রতিহিংসার রাজনীতি দেশকে কোথায় নিয়ে গেছে, তা থেকে শিক্ষা নিতে হবে। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দিয়ে, মামলা-নির্যাতনের ভয় দেখিয়ে কিংবা মতপ্রকাশের অধিকার সংকুচিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। অতীতের ভুলের পুনরাবৃত্তি না করে ন্যায়বিচার, গণতন্ত্র ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগিয়ে যেতে হবে।
বিবৃতিতে আওয়ামী লীগের শাসনামলের গণহত্যা, দমন-পীড়ন, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের বিচারের বিষয়টিও সামনে আনেন ড. আযাদ। তিনি বলেন, আওয়ামী লীগের পুনরায় রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ বন্ধ করা জাতীয় দায়িত্ব। তবে এ বিষয়কে কোনো দলের একক কৃতিত্ব দাবি কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার বানানো উচিত নয়। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দায় সরকারের। একই সঙ্গে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার অধিকারও অক্ষুণ্ন রাখতে হবে। জাতীয় ঐক্যের অর্থ সরকারের জবাবদিহি থেকে অব্যাহতি নয়।
জামায়াতের এই নেতা বলেন, জাতীয় ঐক্য কোনো দলের অনুগ্রহ নয়; এটি জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের প্রয়োজন। অতীতের সহযোগিতাকে বর্তমানের আনুগত্য দাবি কিংবা ভবিষ্যতের প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার মাধ্যমেই জাতীয় ঐক্যের বাস্তব ভিত্তি তৈরি করতে হবে।
বিএনপির কাছে আবারও স্পষ্ট বক্তব্য দাবি করে ড. আযাদ বলেন, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের বক্তব্য সরকারের অবস্থান, নাকি তাঁর ব্যক্তিগত বক্তব্য—তা পরিষ্কার করতে হবে। জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে সাংঘর্ষিক এমন বক্তব্যের দায় বিএনপি এড়াতে পারে না।




