মামুনুল হকের মুখে শেখ হাসিনার নাম, যে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

মামুনুল হক ও শফিকুর রহমান। ছবি: কোলাজ
একটি সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘অশীতিপর সময় বাংলাদেশ এবং জনগণের জন্য লড়াই চালিয়ে যাওয়া এক আপসহীন জননেত্রী শেখ হাসিনা।’
পরে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ভালোবাসি। এখনো ভালোবাসতে চাই।’
মামুনুল হকের এই বক্তব্যের পর ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘অতীত ফ্যাসিস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর নামটা এসেছে। সেটা অনেকটা সাবকনসাসলি, বাট এটাই বাস্তবতা। কেনো বাস্তবতা? এই জাতিকে এতো কষ্ট দিয়েছে তাকে তো সহজে ভুলা যায় না। আল্লামা মামুনুল হক বক্তব্য রেখেছেন। তার বক্তব্যের শেষ পর্যায় পতিত ফ্যাসিস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর নামটা এসেছে। সেটা অনেকটা সাবকনসিয়াসলি বাট এটাই বাস্তবতা।’
শফিকুর রহমান বলেন, ‘কেনো বাস্তবতা? এই জাতিকে যে এত কষ্ট দিয়েছে তাকে তো সহজে ভুলা যায় না। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ— কেউ বাদ যায়নি তার জুলুমের হাত থেকে। আমাদের সামনে আজকে যারা এই কর্মসূচি কভার করতে এসেছেন— সাংবাদিকদের ওপরেও তাণ্ডব চালিয়েছে। এমনকি কাউকে ধরে নিয়ে নির্যাতন করে সীমান্তের ওপারে ফেলে দিয়েছে।’
‘তো তারে ভুলবেন কীভাবে? মানুষ দুইভাবে মানুষের স্মরণে থাকে। একটা শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আরেকটা ঘৃণা দিয়ে। তিনি কোন পর্যায়ে আছে সারা জাতি এটা জানে,’ যোগ করেন তিনি।



