রুহুল কবির রিজভী
ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার

সংগৃহীত ছবি
সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নানা ঘটনার পরও সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অতীতের শাসনামলে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার ও রক্তপাতের ঘটনা ঘটত। কিন্তু বর্তমান সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অসত্য তথ্য ও ছবি তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তার দাবি, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের চেষ্টা সফল হবে না।
রিজভী বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। একসময় গড়ে ওঠা গুমের প্রবণতা এখনো পুরোপুরি নির্মূল হয়নি।
অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আদালতের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করার কথাও বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে সে সময় ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
রিজভী আরও বলেন, প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তার বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল।
প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।
গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।




